গরম হবে না যে স্মার্টফোন
আপনার স্মার্টফোনটি যদি ফেসবুক ও ই-মেইল ব্যবহার এবং ছবি তোলা বা ভিডিও করার সময় গরম হয়ে যায়, তাহলে আর চিন্তা নেই। জাপানের এনইসি আশা করছে, তাদের নতুন ‘লিকুইড-কুলড’ স্মার্টফোন এ সমস্যার সমাধান করতে সক্ষম। এনইসির এ স্মার্টফোনটির নাম ‘মিডিয়াস এক্স ০৬ই’। স্মার্টফোনটির পর্দার পেছনে এবং প্রসেসরের পাশে একটি তরল ভরা একটি নল (লিকুইড কুলিং পাইপ) রাখা হয়েছে। এনইসি বলছে, এ ব্যবস্থাটি স্মার্টফোনের উৎপন্ন তাপ বাষ্পীভবন এবং ঘনীভবনের মাধ্যমে কমিয়ে ফেলবে। উচ্চক্ষমতার কম্পিউটারে যেখানে লিকুইড-কুলিং সিস্টেম খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেখানে ১ দশমিক ৭ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসরে চালিত স্মার্টফোনে এই ব্যবস্থার প্রচলন এই প্রথম। যদি এই প্রযুক্তিটি সফল হয়, তাহলে আমরা হয়তো অন্যান্য মোবাইল যন্ত্রেও এর ব্যবহার দেখতে পাব। ‘মিডিয়াস এক্স ০৬ই’ নামের এ ফোনটির অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এর আছে ৪ দশমিক ৭ ইঞ্চি ওএলইডি পর্দা এবং চমৎকার একটি ১৩ দশমিক ১ মেগাপিক্সেল ক্যামেরা। আগামী জুন মাসে এ স্মার্টফোনটি জাপানের বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা