গরমাগরম বিভ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঁাকা: শিখা
অঁাকা: শিখা

এই গরমে মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে মনে হচ্ছে! আশপাশে ওলটপালট জিনিস দেখছি, নানান রকম বিভ্রম হচ্ছে! একটু আগে দেখলাম, মাথার ওপরের ফ্যানটা ঘোরা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলছে, ‘এই যে ভায়া, অনেক হইছে, আর পারি না! বাসায় হাতপাখা আছে? আমারে একটু বাতাস করো!’
চিন্তা করুন? মাথা খারাপ না তো আর কী? ওদিকে আবার গরম যতই পড়ুক, আমার আবার চা না হলে চলে না। বউকে অনুরোধের স্বরে বললাম, ‘এক কাপ চা দেওয়া যায়?’
বউয়ের মেজাজ আরও গরম, ‘গরমে মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপ হয়ে গেলে ড্রামের পানিতে মাথা চুবিয়ে বসে থাকো। চা খেতে হবে না।’
বউ আমার ভালো আছে। অনেকগুলো কথা শোনালেও চা বানাতে গেল। হঠাৎ কিচেন থেকে তাঁর চিৎকার, ‘ওগো, দেখে যাও! দেখে যাও!’
দৌড়ে গেলাম কী হয়েছে দেখতে। গিয়ে দেখি, চা-পাতার দানাগুলো চিৎকার করে আমার দিকে তাকিয়ে বলছে, ‘তাড়াতাড়ি আমাকে গরম পানিতে ছেড়ে দাও! প্লিজ তাড়াতাড়ি!’
চোখ কচলালাম, গায়ে চিমটি কাটলাম, তারপরও দেখি, চা-পাতার দানাগুলো চেঁচিয়েই যাচ্ছে! বউকে জিজ্ঞেস করলাম, ‘আমি যা দেখি, তুমিও কি তা দেখ?’ বউও দেখি মাথা নাড়ে। পরে চা-পাতার দানাগুলোকে জিজ্ঞেস করলাম, ‘এই গরমে তোমাদের গরম পানিতে দেব! মানে কী?’
চা-পাতার দানাগুলো বলল, ‘আরে গাধা! গরম পানিতে আর কী গরম! এর চেয়ে বেশি গরম তো বাইরে!’
আবার নিঃসন্দেহ হলাম যে গরমে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে! না হলে তো এমনটা হওয়ার কথা নয়। যা হোক, বেচারা চা-পাতার দানাদের দোষ কী! যা গরম! দিলাম ওদের গরম পানিতে ছেড়ে। চা বানানো হলো, কিন্তু এই গরমে চা খাই কী করে? ফ্রিজ খুলে দেখলাম, এক বোতল কোক আছে। দেখে প্রাণটা জুড়িয়ে গেল, গ্লাসে কোক নিলাম। ধোঁয়া ওঠা চায়ের কাপ আর ঠান্ডা কোকের গ্লাস রাখলাম পাশাপাশি। চা খেয়ে গরম লাগলে কোক খাব বলে।
কিন্তু ও মা! এ আবার কী দেখছি? চায়ের কাপ দেখি কাঁদছে! কোকের গ্লাসের সঙ্গে কথাও বলছে। গ্লাস জিজ্ঞেস করল, ‘কিরে ব্যাটা, কাঁদিস কেন?’
: গরমে রে! কিন্তু তুই তো শীতের দেশের মানুষ। তুই ঘামছিস কেন?
: আর বলিস না! যে কারণে তুই কাঁদছিস! আয়, আমরা গলা ধরে কাঁদি।
এরপর দেখি চায়ের কাপ আর কোকের গ্লাস একে অপরের গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে! ঠিক তখনই মাথার ওপর থেকে ফ্যানটা দেখি আবার চিৎকার করে উঠল, ‘কী হে, তোমার বাসায় কি একটা হাতপাখাও নেই? বাতাস করতে বললাম না? অমন বোকার মতো তাকিয়ে আছ কেন? শিগগির যাও!’
ভাবলাম, ফ্যান বেচারার যখন এতই কষ্ট হচ্ছে, একটা হাতপাখা জোগাড় করি। বউকে ডাকলাম, ‘ওগো, একটা হাতপাখা দিয়ে যাও দেখি।’
বউকে ডেকেও যখন সাড়া পেলাম না, তখন হঠাৎ নিশ্চিত হলাম যে আমার মাথা শতভাগ খারাপ হয়ে গেছে! আমি কেন বউকে ডাকছি! আমার বউ কোথা থেকে এল! বিয়েই তো করিনি এ পর্যন্ত! এ কেমন গরম! এ কেমন বিভ্রম!