বসন্তের ফুরফুরে বাতাস যেতে না-যেতেই গরমের বেয়াড়া ‘হট’ হাওয়া চলে এসেছে। কীভাবে মোকাবিলা করবেন গরম? প্রচলিত কিছু দেশীয় তত্ত্ব অনুযায়ী গরম মোকাবিলা করার উপায় বাতলাচ্ছে রস+আলো।
তত্ত্ব ১
প্রচণ্ড গরমে যখনই আপনার প্রাণ হাঁসফাঁস করবে, শরীর কেমন কেমন করবে, তখনই চোখ বুজে ভাবুন, দেশে গরমটরম বলে আসলে কিছুই নেই। সব নালায়েক ‘মিডিয়ার সৃষ্টি’!
তত্ত্ব ২
গরম লাগার অনুভূতি হলেই ‘গরম লাগছে গরম লাগছে’ বলে অস্থির না হয়ে হালকা উদাস হওয়ার চেষ্টা করুন! যে জিনিস লাগার সেটা তো লাগবেই! হাজারো ঘটনার ভিড়ে গরম লাগা কোনো ঘটনাই হতে পারে না! এটাকে বরং বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার মানসিক ‘ধামা’ যেন যথেষ্ট শক্ত আর মজবুত হয়। নয়তো চাপা দিলেও ধামার ভেতর থেকেই গরম উঁকি দেবে!
তত্ত্ব ৩
গরমকে ঝানু প্রতিপক্ষ হিসেবে নিয়ে মনে মনে হামলা-মামলার ভয় দেখান। ‘শীত এলে দেখিয়ে দেব’ কিংবা ‘একবার যদি শীতকালে যেতে পারি...’ টাইপের প্রতিশোধের কথাও বলতে পারেন। আর এতে কাজ না হলে গরমকে মেরু অথবা তুন্দ্রা অঞ্চলে নির্বাসন দিন। সোজাসাপ্টা পথ হিসেবে গুমও করা যেতে পারে!
তত্ত্ব ৪
সন্ত্রাসীরা যেমন জনমনে ত্রাস সৃষ্টি করে বেড়ায়, গরমও তেমনি। সন্ত্রাসীদের মতো গরমেরও মেজাজ-মর্জি আর কাজকারবার ‘হট’! অতএব গরমকে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে ‘বিশেষ’ ট্রিটমেন্ট দিন! ব্যাপারটা হলো, মনে মনে গোপন সংবাদের ভিত্তিতে আপনি গরমকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাবেন...
তত্ত্ব ৫
আপনার আসলেই গরম লাগছে কি না, আগে সেটা নিশ্চিত হোন। যদি মনে হয় ‘লাগছে তো’, তাহলে ফ্যানের নিচে গিয়ে দাঁড়ান। তারপরও যদি গরম লাগে, তাহলে ফ্যানের সুইচ অন করে দিন!