গরিবের উড়োজাহাজ!

দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষকে সাহায্য করতে এবং ত্রাণসামগ্রী পাঠানোর কাজে তৈরি করা হচ্ছে বিশাল এক বিলাসবহুল উড়োজাহাজ। এর উদ্যোক্তার নাম সের্গেই ব্রিন। তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা। ১০ কোটি মার্কিন ডলার খরচ করে ‘এয়ার ইয়ট’ বা উড়ুক্কু ইয়ট তৈরি করছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশ্বের বৃহত্তম উড়ুক্কু যান হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার এমস রিসার্চ সেন্টারে এ উড়োজাহাজ তৈরির কাজ চলছে। বিশাল এই উড়োজাহাজে সের্গেই ব্রিনের পরিবার ও বন্ধুবান্ধব ভ্রমণ করবেন। এ ছাড়া বিভিন্ন মানবিক প্রকল্পে বিশ্বজুড়ে এটি পণ্য সরবরাহে ব্যবহার করা হবে।
কিন্তু গুগলের এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, গরিবের জন্য উড়োজাহাজের কথা হচ্ছে একদিকে, আবার একে বলা হচ্ছে বিলাসবহুল যান। গুগল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুযায়ী, তিন বছর আগে এ উড়োজাহাজ তৈরির প্রকল্প নেন ব্রিন। উড়োজাহাজটি ৬৫০ ফুট লম্বা হবে। তবে এর জন্য কতটুকু জ্বালানি লাগবে তা জানা যায়নি।
সিলিকন ভ্যালির উদ্যোক্তাদের দাতব্য প্রকল্পগুলো অতীতে সমালোচনার মুখে পড়েছে। এর আগে মার্ক জাকারবার্গের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প সমালোচনার মুখে পড়েছিল। ওই প্রকল্পে বিশ্বের ১০০ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চেয়েছিলেন তিনি। তবে ব্রিনের এই উড়োজাহাজ প্রকল্প বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে কি না, তা জানা যায়নি।
গুগলের আরেক প্রতিষ্ঠাতা ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী ল্যারি পেজেরও উড়োজাহাজ প্রকল্পে আগ্রহ রয়েছে। উড়ুক্কু গাড়ির দুটি প্রকল্পে তিনি বিনিয়োগ করেছেন। এর একটি হচ্ছে কিটি হক ও আরেকটি হচ্ছে জিডটঅ্যারো। কিটি হকের উড়ুক্কু গাড়ি শিগগিরই বাজারে আসতে পারে। তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট।