গরিবের জন্য 'কথা বলা বই'

যন্ত্রটি হালকা ও ছোট। এক হাতেই বহন করা যায়। জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য এতে সংরক্ষণ করা যায়। নাম অডিও কম্পিউটার বা ‘কথা বলা বই’। তবে ছবি দেখার উপযোগী কোনো যান্ত্রিক পর্দা এতে নেই। এই অডিও কম্পিউটারে কথা ধারণ বা রেকর্ড করার পাশাপাশি বাজিয়ে শোনা যায়।
যন্ত্রটি বিতরণ করা হবে ঘানার হতদরিদ্র জনসাধারণের মধ্যে। উদ্দেশ্য, তাদের মধ্যে নানা তথ্য ছড়িয়ে দেওয়া। এসব যন্ত্রের সুইচ অন করলেই পরিবারগুলো বিভিন্ন তথ্য শুনবে, জানবে এবং নিজেদের কথাগুলোও অন্যদের জানাতে পারবে। এই কথা বলা বইয়ের সাহায্যে স্বাস্থ্য ও কৃষিবিষয়ক বিভিন্ন তথ্যও মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এসবের মধ্যে রয়েছে ইবোলা ভাইরাসের মতো ভয়াবহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা, ফসলের পরিচর্যা, শিশুদের জন্য মায়ের দুধের গুরুত্ব প্রভৃতি বিষয়। প্রাথমিক উদ্যোগ সফল হলে প্রকল্পটি আরও সম্প্রসারণ করা হবে। জাতিসংঘের অধীন শিশুবিষয়ক দাতব্য সংস্থা ইউনিসেফ এবং যুক্তরাজ্যভিত্তিক কম্পিউটার যন্ত্রাংশের নকশাকার প্রতিষ্ঠান এআরএম ঘানায় এ প্রকল্পে প্রয়োজনীয় তহবিলের অধিকাংশ জোগান দিচ্ছে। মোট ব্যয় ধরা হয়েছে সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রতিটি যন্ত্র আড়াই বছর সক্রিয় থাকবে। আর সংরক্ষিত তথ্য প্রতি পাঁচ সপ্তাহ পর পর হালনাগাদ করা হবে। প্রাথমিকভাবে দুই হাজার যন্ত্রের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে।
লিটারেসি ব্রিজ নামের একটি দাতব্য সংস্থা এই প্রকল্প পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ক্লিফ শ্মিড্ট বিবিসিকে বলেন, কথা বলা বইগুলো তৈরি করা হয়েছে যারা পড়তে পারে না, তাদের জন্য। এই যন্ত্র বা বই স্থানীয় ভাষায় আঞ্চলিক উচ্চারণে কথা বলবে। বইয়ে সংরক্ষিত বিভিন্ন বিষয়ের তথ্যের মধ্যে থাকতে পারে গান, গল্প, নাটক বা গণস্বাস্থ্য কর্মকর্তার সাক্ষাৎকার কিংবা নিজ সম্প্রদায়ের কোনো ব্যক্তির কথা।
শ্মিড্ট আরও বলেন, প্রতিটি যন্ত্রের মাধ্যমে লোকজন নিজেদের অর্জিত শিক্ষার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে পারবে। যেমন কেউ বলতে পারবে, ‘আমি এই বিষয়টা বুঝতে পারছি না’ অথবা ‘আমাদের সম্প্রদায়ের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে।’
লিটারেসি ব্রিজ ২০০৭ সাল থেকে এই কথা বলা বইয়ের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই যন্ত্রে তথ্য সংরক্ষণের জন্য রয়েছে মাইক্রোএসডি বা মেমোরি কার্ড। প্রতিটি কার্ডে শত শত ঘণ্টার অডিও রেকর্ড ধারণ করা যায়। কথা বলা বইয়ের ব্যাটারিও দামে সস্তা। ব্যবহারকারীদের কাছে কোনো ইন্টারনেট সুবিধা না থাকায় সহায়তাকর্মীরাই যন্ত্রটি নিয়মিত বিরতিতে সংগ্রহ করে নিজেদের কম্পিউটার বা অ্যান্ড্রয়েড যন্ত্রে সংযুক্ত করে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য হালনাগাদ করে দেবেন। আর লোকজন নিজেরাই ইউএসবি কেবলের মাধ্যমে একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রে তথ্য আদান-প্রদানও করতে পারবে।
শ্মিড্ট আরও বলেন, ‘লোকজন কী শুনছে, কতক্ষণ ধরে, কখন তারা অন্য বিষয়ের কথায় চলে যাচ্ছে এবং কত জোরে শুনছে—এসব ব্যাপার আমরা দূর থেকেই জেনে নিতে পারব। এভাবে প্রকল্পটির সাফল্য যাচাই করার সুযোগ থাকবে। যদি সবচেয়ে দরিদ্র মানুষের কথা ভাবতে হয়, স্মার্টফোন বা এসএমএসে কাজ হবে না। ভিন্ন উপায়ে তাদের কাছে পৌঁছাতে হবে।’
এই যন্ত্র হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ঘানার স্থানীয় বাজারে সহজলভ্য সস্তা জিংক-কার্বন ব্যাটারি, যা প্রাথমিকভাবে ১৫ ঘণ্টা কাজ করবে। তবে এই সময়সীমা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কাজ করছেন। আফ্রিকার অন্যান্য দেশেও লিটারেসি ব্রিজের এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার আশা রয়েছে।
ঘানার ৮০ শতাংশের বেশি মানুষ মুঠোফোন যোগাযোগের আওতায় রয়েছে। তবে মুঠোফোন ব্যবহার করার সুযোগ থেকে বঞ্চিত অতিদরিদ্র, খুব অল্পবয়সী এবং বয়োবৃদ্ধদের জন্য এই কথা বলা বই বিশেষ উপযোগী হবে। এই মানুষদের অনেকে এখনো বেতার শুনলেও তাতে যুগোপযোগী তথ্য পাওয়ার সুযোগ কম। সূত্র: বিবিসি