গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিকেন্দ্র
নরওয়ের ফ্লাকস্টাড পৌরসভা ও র্যামবার্গ উচ্চবিদ্যালয়ের সহয়তায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি আধুনিক তথ্যপ্রযুক্তিকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল সোমবার থেকে এই কেন্দ্র চালু হয়েছে। ল্যাপটপ কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, ডিজিটাল ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি রয়েছে এই কেন্দ্রে।উদ্বোধনী অনুষ্ঠানে র্যামবার্গ উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা রেনেটা ও ভিভিয়ান জানান, এই কেন্দ্রের মাধ্যমে নরওয়ের র্যামবার্গ উচ্চবিদ্যালয় ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তথ্য, অভিজ্ঞতা ও ভাববিনিময় অনেক খানি সহজ হবে। এই কেন্দ্রে র্যামবার্গ উচ্চবিদ্যালয় ও ফ্লাকস্টাড পৌরসভার পক্ষ থেকে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পর্যায়ক্রমিকভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ফ্লাকস্টাড পৌরসভার প্রতিনিধি কুর্ট আর্টেল হ্যানসেনও চালু হওয়া তথ্যপ্রযুক্তিকেন্দ্রটি নিয়ে বেশ আশাবাদী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ্ আলম জানান, আধুনিক এই তথ্যপ্রযুক্তিকেন্দ্র গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের চিন্তার জগৎকে বিস্তৃত করতে বড় ধরনের ভূমিকা রাখবে। —সুজয় দাস