গল্প-আড্ডায় মত প্রকাশ

‘...পলিসি তো অনেক কঠিন জিনিস। আমরা কি এসব বুঝব? আর এ জন্যই তো পলিসি আড্ডা...।’ পলিসি-আড্ডা ডটনেট ওয়েবসাইটটিতে ঢুঁ মেরেই দেখা গেল এসব লেখা। উন্নয়নমূলক বিষয়ে রাষ্ট্রের নীতিমালা নিয়ে জনগণকে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে সেখানে। ব্লগটির ঠিকানা: www.policy-adda.net।
এ ব্যাপারে কথা হয় পলিসি-আড্ডা ডটনেটের তত্ত্বাবধায়ক এস এম মামুনুর রশিদের সঙ্গে। তিনি বলেন, এখানে আমরা সাধারণ মানুষ আড্ডা দিতে চাই দেশের নীতিমালা নিয়ে। এই আড্ডা সবার জন্য উন্মুক্ত। আমাদের সবার ইচ্ছে এক—ভবিষ্যতের বাংলাদেশ আমরাই গড়ি, আমাদের মতো করে।
পলিসি-আড্ডা ব্লগসাইট চালু হয় ২০১৪ সালে। উদ্দেশ্য বাংলা ভাষায় উন্নয়ন নিয়ে লেখালেখি বা মত প্রকাশ। নাগরিক সাংবাদিকতাও বলা যায়। মূলত শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পুষ্টি, অভিবাসন, সড়ক নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশ, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, সুশাসন, নারী-পুরুষের সম-অধিকার এসব বিষয়ের উন্নয়ন নিয়ে আলোচনা, নিজের মতামত প্রকাশ করা যায় সেখানে। এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোকচিত্র, এমনকি আঁকা ছবিও জমা দেওয়া যাবে ‘ছবি ব্লগ’ নামের অংশটিতে।
পলিসি-আড্ডায় প্রকাশিত পুরো বছরের লেখাগুলো সংকলন করে প্রকাশ করা হয়েছে ই-বুক। পলিসি আড্ডা পরিক্রমা নামে এর আগের বইটি পাওয়া যাচ্ছে ছাপানো সংস্করণে। বইটির সম্পাদক প্রিসিলা রাজ বলেন, কেউ যদি লেখাগুলো পড়তে চায় সে জন্য ব্লগসাইটে মুদ্রিত সংকলনগুলো ই-বই আকারে পাওয়া যাবে।
এ তো গেল পলিসি-আড্ডার সমসাময়িক কার্যক্রম। মতামত প্রকাশের এই প্ল্যাটফর্ম নিয়ে ভবিষ্যৎ লক্ষ্য কী তা জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, উন্নয়ন সাংবাদিকতার একটা অনলাইন পোর্টাল হিসেবে গড়ে তুলতে চাই ব্লগটিকে।