গাইবান্ধায় অপটিক্যাল ফাইবার সংযোগ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা শহরে অপটিক্যাল ফাইবার সংযোগ চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২২ কিলোমিটার অপটিক্যাল ফাইবার তারের বসানোর কাজ শেষ হয়েছে। চলতি মাসে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে বলে জানা গেছে। এতে বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট এবং এনডব্লিউডি টেলিফোন সেবার মান বাড়বে। এর আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে বগুড়া টেলিফোন এক্সচেঞ্জ থেকে বিটিসিএলের ইন্টারনেট ও এনডব্লিউডি সংযোগ চালু ছিল।গাইবান্ধা টেলিফোন অফিস সূত্র জানায়, ২০০০ সালে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেব্ল বসানো হয়। কিন্তু মহাসড়ক থেকে জেলা শহরের দূরত্ব ২২ কিলোমিটার হওয়ায় সে সময় গাইবান্ধায় অপটিক্যাল ফাইবার কেব্ল সংযোগ দেওয়া হয়নি। তখন মহাসড়কসংলগ্ন পলাশবাড়ী উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ থেকে রেডিও লিংক সংযোগ দিয়ে গাইবান্ধা শহরে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছিল।গত বছরের অক্টোবর মাসে পলাশবাড়ী থেকে গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় অবস্থিত টেলিফোন এক্সচেঞ্জ পর্যন্ত ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপনের কাজ শুরু হয়। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। তুরস্কের ঠিকাদারি প্রতিষ্ঠান নোটেল নেটওয়ার্ক ও এক্সফার লিমিটেড বাংলাদেশ কেব্ল স্থাপনের দায়িত্ব পায়। এতে ব্যয় ধরা হয় প্রায় এক কোটি টাকা। এর মধ্যে ভূগর্ভস্থ কেব্ল স্থাপনে ৭০ লাখ টাকা এবং যন্ত্রপাতি স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা।গাইবান্ধা বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী (ফোন) কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, এই সংযোগ চালু হলে দ্রুত গতির ইন্টারনেট-সেবা পাওয়া যাবে। এক্সফার লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপক আবদুল জোব্বার বলেন, জেলা শহরের পাশাপাশি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়ায় এবং বাদিয়াখালী ইউনিয়ন পরিষদে সরকারিভাবে সংযোগ দেওয়া হবে, যাতে তৃণমূল পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। —শাহাবুল শাহীন, গাইবান্ধা