গাছের সুখ-দুঃখ

যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলস একবার বলেছিলেন, তিনি তাঁর গাছের সঙ্গে খোশগল্প করতে ভালোবাসেন। কিন্তু গাছগুলো তাঁর সঙ্গে কথা বলতে তেমন আগ্রহ প্রকাশ করে না।যুবরাজের প্রতি সাড়া না দিলেও গাছগুলো নিজেদের মধ্যে ঠিকই আলাপচারিতায় নিমগ্ন থাকে। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকেরা সম্প্রতি এমনটি দাবি করেছেন। তাঁরা বলছেন, স্বাভাবিক বৃদ্ধির স্বার্থেই গাছগুলো পরস্পর কথা বলে। গবেষণায় দেখা গেছে, গাছের কোষের মধ্যে অতি আণুবীক্ষণিক নড়াচড়ার মাধ্যমে শব্দ তৈরি হয়। গাছের বীজের মধ্যেও পাওয়া যায় এসব শব্দ। কোনো গাছের অভ্যন্তরীণ রাসায়নিক প্রক্রিয়া, আলোর প্রবাহ বা বাহ্যিক সংযোগে বাধা পড়লেই গাছটি শব্দ তৈরি করে আশপাশের গাছে ছড়িয়ে দেয়। এমনকি গাছগুলো পৃথক করে রাখা হলেও এই শব্দ অন্য গাছে পৌঁছে যায়। তবে এই শব্দ বিস্তারের মাধ্যমটি সম্পর্কে জানা যায়নি।এই গবেষণা নিবন্ধটি বিএমসি ইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রধান গবেষক মনিকা গ্যাগলিয়ানো বলেন, গাছের তৈরি শব্দ কিছু কিছু বীজের বৃদ্ধিতে প্রভাব ফেলে। তবে প্রক্রিয়াটি কীভাবে ঘটে, তা এখনো অজানা। মেট্রো।