গাজীপুরে এবিবির টার্বোচার্জার সার্ভিস স্টেশন

পাওয়ার এবং অটোমেশন প্রযুক্তি সেবাদাতা সুইজারল্যান্ডভিত্তিক এবিবি টার্বো সিস্টেমস লিমিটেড সম্প্রতি গাজীপুরে পূর্ণাঙ্গ টার্বোচার্জার সার্ভিস স্টেশন স্থাপন করেছে। বাংলাদেশে এটি এবিবি টার্বো সিস্টেমসের দ্বিতীয় সার্ভিস সেন্টার।
গাজীপুরের টঙ্গীতে এই সার্ভিস স্টেশনটি অয়্যারহাউস কাম অ্যাসেম্বলি ফ্লোরসমৃদ্ধ।নতুন এই স্থাপনার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার সার্ভিস রলফ সুইজার এবং বাংলাদেশে এর কান্ট্রি ম্যানেজার রাজর্ষী ব্যানার্জি।
রলফ সুইজার জানিয়েছেন, ৫০০ কেভিওয়াট থেকে ৮০ মেগাওয়াট ক্যাপাসিটির টু অথবা ফোর স্ট্রোক ডিজেল অথবা গ্যাস ইঞ্জিনের টার্বো চার্জিংয়ের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান এবিবি। একজন গ্রাহক এবিবি থেকে ইঞ্জিনের বিশেষ ধরনের পাওয়ার আউটপুট ৩০০ শতাংশ বৃদ্ধি এবং জ্বালানি খরচ ১০ শতাংশ কমিয়ে আনতে পারবেন। পাশাপাশি, কার্বনসহ নানাবিধ গ্যাসদূষণের হাত থেকেও পরিবেশ সুরক্ষিত থাকবে।
রাজর্ষী ব্যানার্জি জানান, এবিবির টার্বোচার্জার বিদ্যুত্ সাশ্রয় করে। ২০০৭ সালে চট্টগ্রামে প্রথম সার্ভিস স্টেশন স্থাপন করে এবিবি। এবার গাজীপুরে স্থাপিত হলো দ্বিতীয় সার্ভিস সেন্টার। এখান থেকে এবিবির বিভিন্ন পণ্যের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ইন্ডাস্ট্রি ও বিল্ডিং সিস্টেমস অ্যাপ্লিকেশনের নানা সেবা দেওয়া হবে।