গাজীপুরে মুক্তিযুদ্ধের ডিজিটাল সংগ্রহশালা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে গাজীপুরে আর্কাইভস ৭১ নামে একটি ডিজিটাল সংগ্রহশালা চালু হয়েছে। এতে মুক্তিযুদ্ধের লিখিত ও ছবিভিত্তিক ইতিহাস কম্পিউটারে সংরক্ষণ করা হবে। গতকাল শনিবার দুপুরে মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত আর্কাইভস ৭১-এর উদ্বোধন করা হয়। খবর বিজ্ঞপ্তির। গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল আর্কাইভস ৭১-এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সঠিক ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ভূমিকা অপরিসীম। স্বাধীন রাষ্ট্রের গৌরবময় ইতিহাস সংরক্ষণে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত না করতে পারলে আন্তর্জাতিকতায় অনেক পিছিয়ে যেতে হবে। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করতে পারলে মুক্তিযুদ্ধের ছবি ও ভিডিও দেখে বুঝতে পারবে এই ইতিহাস যেমন বেদনার, তেমনি গৌরবের। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবিব তাঁর নিজের তোলা মুক্তিযুদ্ধের অনেক ছবি ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের জন্য এই আর্কাইভে দান করবেন বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা, কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, শিক্ষাবিদ মো. নুরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আ. মালেক সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব।সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব তাঁর বক্তব্যে বলেন, আর্কাইভস ৭১-এ বেশ কয়েকটি গ্যালারি রয়েছে। এতে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার, অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে। কম্পিউটার মনিটর এবং প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় ছবি ও ভিডিও দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এই সংগ্রহশালা সবার জন্য উন্মুক্ত থাকবে। এর ঠিকানা: ডি-৭৪, কাজী আজিম উদ্দিন কলেজ রোড, ছায়াবীথি, গাজীপুর।