গান শোনার যন্ত্রপাতির চাহিদা আছে মেলায়
প্রবেশপথে মানুষের লম্বা সারি। ব্যস্ত সড়ক থেকে আসছে যানবাহনের আওয়াজ। এর মধ্যে কানে এসে লাগে নানা রকম গান। সব মিলিয়ে জমজমাট এক পরিবেশ এখন ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে। কারণ, দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজারে এখন চলছে বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১১’।মেলা প্রাঙ্গণে ঢুকলেই ভেসে আসে নানা রকম গানের আওয়াজ। কম্পিউটারের স্পিকারে বাজানো হয় এসব গান। কম্পিউটার স্পিকারের যথেষ্ট সমাগম আছে বাজারে। ক্রেতাদেরও আগ্রহ আধুনিক আর শক্তিশালী স্পিকারের প্রতি। মেলায় অ্যালটেক ল্যানসিং, ক্রিয়েটিভ, লজিটেক, ক্রিয়েটিভ, এফ অ্যান্ড ডি, ক্যামাসোনিক, মাইক্রোল্যাবসহ বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার পাওয়া যাচ্ছে। আবার বোসের মতো দামি স্পিকারও মিলবে মেলায়। গতকাল মঙ্গলবার মেলা ঘুরে দেখা গেল, সাধারণ স্পিকারের দাম ৭০০ থেকে নয় হাজার টাকা। ক্রিয়েটিভের ৫:১ স্পিকারের দাম আট হাজার ৫০০ টাকা। লজিটেকের চ্যানেল-৪ এস-১৫০ মডেলের স্পিকারের দাম মাত্র ৭০০ টাকা। লজিটেকের ৫:১ স্পিকারের দাম নয় হাজার ৯০০ টাকা। লজিটেকের হোম থিয়েটারের দাম ৪০ হাজার টাকা। অ্যালটেক ল্যানসিংয়ের বিভিন্ন মডেলের ২:১ স্পিকারের দাম দুই হাজার ৮০০ থেকে চার হাজার ৬০০ টাকা। আর আইফোন বা আইপডের জন্য উপযোগী অ্যালটেক ল্যানসিং এম-১০২ মডেলের স্পিকারের দাম পাঁচ হাজার ৫০০ টাকা। এক হাজার ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে ২:১ এম-১০৯ স্পিকার। কিন্তু শুধু স্পিকার থাকলেই তো চলে না; গান শুনতে চাই এমপিথ্রি প্লেয়ার। দেড় থেকে পাঁচ হাজার টাকার মধ্যে মাইক্রোল্যাব, ট্র্যানসেন্ড, অ্যাপাসারসহ আরও কয়েকটি ব্র্যান্ডের ২ থেকে ৮ গিগাবাইটের এমপিথ্রি পাওয়া যাচ্ছে মেলায়। এ সবের দাম দেড় হাজার থেকে চার হাজার টাকা। ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বেলকিন শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। আজই নিবন্ধনের শেষ দিন। মেলায় গতকাল সংগীতশিল্পী মেহরীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সংবর্ধনা দেওয়া হবে লাকী আখান্দকে। ১০ দিনের এ মেলা শেষ হবে ২২ জানুয়ারি। —জাহাঙ্গীর আলম