গানই আমার প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাজা ফয়সাল পারভেজ , কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
খাজা ফয়সাল পারভেজ , কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান হলে গান শোনানোর জন্য যাঁর ডাক সবচেয়ে বেশি পড়ে, তিনি খাজা ফয়সাল পারভেজ। পরিবার ও বন্ধুদের কাছে অবশ্য তিনি যিশু নামে পরিচিত। লালনগীতি, উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীতসহ সংগীতের প্রায় সব বিভাগেই দখল রয়েছে তাঁর।
ফয়সালের বাড়ি ঈশ্বরদীর নতুন রূপপুর গ্রামে। ২০০৫ সালে রূপপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে পাকশী রেলওয়ে কলেজ থেকে এইচএসসি পাস করেন ফয়সাল। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষে পড়াশোনা করছেন।
ফয়সালের মুখেই শোনা গেল, ছোটবেলা থেকে সংগীত শেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর মা। সংগীতে ফয়সালের প্রথম হাতেখড়ি হয় রূপপুরের লালনসংগীতজ্ঞ ফকির আজিজ শাহের হাতে। ফয়সাল বলেন, ‘আমার প্রথম সংগীতগুরু ফকির আজিজ শাহ একটি দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি সবাইকে ইশারায় সংগীত শেখাতেন। আমি ২০০৫ সাল থেকে ওনার কাছে সংগীত শিখেছি, কিন্তু ২০১২ সালে তিনি হঠাৎ করে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান।’ এরপর ফয়সাল উচ্চাঙ্গসংগীত শিখেছেন রাজশাহীর ওস্তাদ তপন কর্মকারের কাছে আর রবীন্দ্রসংগীত শিখেছেন কুষ্টিয়ার কোহিনুর খানমের কাছে। ফয়সাল সংগীতজগতে যাঁদের গুরু হিসেবে মানেন আর যাঁদের গান তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে, তাঁরা হলেন নচিকেতা চক্রবর্তী, ওস্তাদ গোলাম আলী ও নিয়াজ মোহাম্মদ চৌধুরী। গানের বাইরে গিটার আর তবলাতে রয়েছে তাঁর বিশেষ দখল।
এ পর্যন্ত ফয়সাল বেশ কয়েকটি গানের প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জিটিভি আয়োজিত ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে মনোনীত সেরা ১০ জনের দলের একজন হিসেবে নির্বাচিত হওয়া, বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের নিয়ে আয়োজিত ‘ক্যাম্পাস তরঙ্গ’ অনুষ্ঠানে পল্লিগীতিতে তৃতীয় স্থান অর্জন এবং রবীন্দ্রসংগীতে সেরা ছয়জনের একজন হিসেবে নির্বাচিত। ২০১৩ সালে কুষ্টিয়া জেলায় অনুষ্ঠিত রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফয়সাল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই ক্যাম্পাসে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান ধরে রেখেছেন ফয়সাল।
বড় হয়ে বাংলাদেশের একজন বড় সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন ফয়সালের।