গানের অ্যাপ আনছে টুইটার
জনপ্রিয় খুদে ব্লগিং (মাইক্রোব্লগ) সাইট টুইটার এবার সংগীতপ্রেমীদের জন্য নতুন মিউজি অ্যাপ নিয়ে এসেছে। এ অ্যাপটি ব্যবহারকারীর টুইটের ওপর ভিত্তি করে সংগীতশিল্পী ও গানের তালিকার ব্যাপারে সাহায্য করবে। সম্প্রতি চালু হওয়া এ অ্যাপটির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের অ্যাপ নামানোর জায়গা থেকেই যে গানগুলো আছে, সেগুলোর ক্লিপ শুনতে পারবেন। এ ছাড়া টুইটারের ভিডিও গান দেখার সুবিধা ভিভো ব্যবহার করে দেখা যাবে মিউজিক ভিডিও। এ ছাড়া ব্যবহারকারীরা সাউন্ডক্লাউডের মতো ওয়েবসাইটে পছন্দসই গান আপলোড করে সে অডিও শোনা এবং শেয়ারও করতে পারবেন এ অ্যাপের মাধ্যমে। টুইটারের বাইরে নানা সুবিধা নিয়ে প্রথমবারের মতো এমন অ্যাপ চালু করল প্রতিষ্ঠানটি। আমেরিকান টেলিভিশন উপস্থাপক রায়ান সিয়েক্রেস্ট এ বিষয়ে ‘টুইটারের নতুন মিউজিক অ্যাপ ব্যবহার করছি’ শীর্ষক একটি টুইট করেন। এতে টুইটার মিউজিক অ্যাকাউন্ট থেকে রিটুইট করে অভিনন্দন জানানো হয় এবং বলা হয়, নতুন অ্যাপটি চালু হয়ে গেছে। নতুন এ মিউজিক সেবাকে #music হ্যাশ ট্যাগে পাওয়া যাবে এবং সরাসরি music.twitter.com ঠিকানায় গিয়ে সরাসরি জানা যাবে বিস্তারিত। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের বেশ সাড়া পাবেন বলে আশাবাদী টুইটার কর্তৃপক্ষ। বর্তমানে টুইটারের ২০ কোটি ব্যবহারকারী প্রতিদিন ৪০ কোটি টুইট করেন। প্রতিনিয়ত বাড়তে থাকা বিপুলসংখ্যক এর ব্যবহারকারী নতুন এই সুবিধা বিনোদনের নতুন এক মাত্রা যোগ করতে পারবে বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরাও। —বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম