
নাম তাঁর পল্লবী সরকার। শিক্ষাজীবন কেটেছে রংপুর কারমাইকেল কলেজে। সেখানে ইতিহাস বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন পল্লবী। তাঁর ঝুলিতে আছে বেশ কয়েকটি পুরস্কার। ২০০৭ সালে আয়োজিত আন্তকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় আধুনিক গানে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। পেয়েছেন জাতীয় শিশু পুরস্কার। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে লোকসংগীত গেয়ে হয়েছেন প্রথম (১৯৯৮)। ২০০২ সালে নজরুলসংগীতে একই বিভাগে শ্রেষ্ঠ হন। জাতীয় পর্যায়ে নজরুলগীতি গেয়ে তৃতীয় হন ২০০৬ সালে।
সংগীতের প্রতি ভালো লাগাটা কীভাবে এল? পল্লবী বললেন, ‘আমি বড় হয়েছি সংগীত পরিবারে। বাবা মধুসূদন সরকারের কাছেই সংগীতে প্রথম হাতেখড়ি। মা কিরণ বালা সরকারও অনেক ভালো গান গাইতেন। বোধ হওয়ার আগেই মাকে হারাই। সেই থেকে বাবার ইচ্ছা আমাকে দেশের সেরা শিল্পীদের একজন হিসেবে দেখার।’
সেই যে শুরু হলো সংগীতের সাধনা, সেটা আজও চলছে। এরপর তালিম নিয়েছেন ওস্তাদ তমাল কান্তি লাহিড়ী, নুরুল ইসলাম, সতীশ রায় ও আজিজুল ইসলামের কাছে। বর্তমানে গাইছেন আধুনিক, নজরুল, লালন ও ভাওয়াইয়া গান। ক্ল্যাসিকে তাঁর গুরু সুজেয় শ্যাম আর লালনের গান শিখছেন শফি মণ্ডলের কাছে।
বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েও সংগীত পরিবেশন করেছেন পল্লবী। ২০১০ সালে ভারতের শিলিগুড়িতে আয়োজিত ফোক ফেস্টিভ্যালে সরকারি উদ্যোগে অংশ নিয়ে গান পরিবেশন করেন পল্লবী। সেখানে একই বছর দ্বিতীয় ভ্রমণে তিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনেও সংগীত পরিবেশন করেন। এর আগে ২০০৩ ও ২০০৪ সালে লালমনিরহাট জলতরঙ্গ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আরেক দফা সংগীত পরিবেশনের জন্য ভারত ও নেপাল ভ্রমণ করেছিলেন তিনি।
পল্লবীর স্বপ্ন বড় সংগীতশিল্পী হওয়ার। নিতে চান বিদেশ থেকে সংগীতের ওপর উচ্চতর ডিগ্রি। সঙ্গে কলেজশিক্ষক হয়ে দেশ গঠনেও ভূমিকা রাখতে চান।
পল্লবী বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের আধুনিক, নজরুল ও লোকগীতির জন্য এ গ্রেডে (ক শ্রেণীতে) এবং বাংলাদেশ টেলিভিশনে লালন সংগীতের জন্য বি গ্রেডে (খ শ্রেণীতে) অধিভুক্ত শিল্পী। তাঁর প্রকাশিত আধুনিক গানের অ্যালবাম আশার ঘর (২০১২)। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলের গানের অনুষ্ঠানে গান গেয়ে থাকেন।
পল্লবী সম্পর্কে তাঁর শিক্ষক বগুড়া আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমি রংপুর কারমাইকেল কলেজের শিক্ষক থাকাকালে পল্লবীকে দেখেছি অনেক অনুষ্ঠানে গান গাইতে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভালো গান করে ও। দোয়া করি আগামী দিনে যেন ও জাতীয় পর্যায়ে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়।’