
‘আমাদের দেশে শুদ্ধ সংগীতের চর্চা দিন দিন কমে যাচ্ছে। আর নানা অপসংস্কৃতির ওপর হুমড়ি খেয়ে পড়ছে অনেকে। দেশীয় সংস্কৃতির বিকাশে তরুণদের ভূমিকা রাখতে হবে বিশেষভাবে। তাই আমার ইচ্ছা শুদ্ধ সংগীতচর্চার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে ধরে রাখা।’ কথাগুলো বলছিলেন প্রিয়াংকা ভট্টাচার্য।
প্রিয়াংকা পড়ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের শেষ বর্ষে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়েছেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা মহিলা কলেজে। মাধ্যমিকে স্কুল কর্তৃক প্রদত্ত কৃতী ছাত্রী পুরস্কার ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যশোর বোর্ড প্রদত্ত মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রদত্ত মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি ও সাংস্কৃতিক বৃত্তি পেয়েছেন।
প্রিয়াংকার ভাষ্য থেকে জানা যায়, কুড়িগ্রামের উজিরপুর গ্রামে তাঁর জন্ম। মাত্র তিন বছর বয়সে বাবা রতন কুমার ভট্টাচার্যের কাছে গানের হাতেখড়ি। এরপর বিভিন্ন স্থানে গান শিখেছেন। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছেন। সংগীতের পাশাপাশি চিত্রাঙ্কন ও বিতর্কেও রয়েছে তাঁর বিশেষ পারদর্শিতা। ১৪০৮ বাংলা সনে ধ্রুব পরিষদের তৃতীয় বর্ষ পরীক্ষায় চিত্রাঙ্কন বিভাগে সারা বাংলাদেশের মধ্যে প্রিয়াংকা প্রথম স্থান অর্জন করে ‘কারু মুকুর’ উপাধি লাভ করেন।
প্রিয়াংকা বলেন, ‘ছোটবেলা থেকে গানের প্রতি ছিল ভীষণ আগ্রহ। যেকোনো প্রতিযোগিতার কথা শুনলেই সেখানে চলে যেতাম।’
তিনি জানান, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১ ও ২০০২ সালে বাংলাদেশ শিশু একাডেমী খুলনা বিভাগীয় পর্যায়ে আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রবীন্দ্র, নজরুল ও দেশাত্মবোধক গানে প্রথম পুরস্কার পান।
বর্তমানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নজরুলসংগীতের তালিকাভুক্ত শিল্পী তিনি।
পছন্দ করেন বই পড়া, ভ্রমণ। অপছন্দ করেন মিথ্যা বলা। স্বপ্ন দেখেন দুর্নীতিমুক্ত, বেকারত্বমুক্ত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সবার প্রাপ্য অধিকার পাওয়ার নিশ্চয়তা, যোগ্যতার সঠিক মূল্যায়ন ও একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ।
স্বপ্ন ভবিষ্যতে নিজেকে একজন সফল স্থপতি হিসেবে তৈরি করা। একই সঙ্গে শুদ্ধ সংগীতচর্চার মাধ্যমে নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার। আর মানবসেবায় ব্রতী হওয়া।