গাড়ি চালানোর সময় বড়রা ফোনে বেশিকথা বলে!
গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা বা এসএমএস পাঠানোর কাজগুলো শুধু অল্প বয়সীরাই করে না। প্রাপ্তবয়স্ক বা প্রবীণেরাও এমনটি করে থাকেন। নতুন এক গবেষণার ফল থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার অ্যান্ড আমেরিকান লাইফ প্রজেক্ট এ গবেষণা চালায়। গবেষণায় দেখা গেছে, গাড়ি চালানোর সময় অল্প বয়সী ও বেশি বয়সী সবাই সমানভাবে মুঠোফোনে কথা বলতে ও এসএমএস পাঠাতে পছন্দ করেন। তবে বেশি বয়সীরা এসএমএস পাঠানোর চেয়ে কথা বলতেই বেশি ভালোবাসেন। গবেষণায় দেখা গেছে, গাড়ি চালানোর সময় যাঁরা মুঠোফোনে এসএমএস লেনদেন করেন, তাঁদের ৪৭ শতাংশই প্রাপ্তবয়স্ক আর ৩৪ শতাংশ অল্প বয়সী (১৬ থেকে ১৭ বছর)। আর গাড়ি চালানোর সময় যাঁরা কথা বলতে ভালোবাসেন, তাঁদের ৭৫ শতাংশই বেশি বয়সী। গবেষণায় আরও দেখা গেছে, মার্কিন নাগরিকদের ৬১ শতাংশ গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলেন। পিউ রিসার্চের একজন জ্যেষ্ঠ গবেষক ম্যারি ম্যাডেন বলেন, ‘গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলার ঝুঁকি সম্পর্কে আমরা অল্প বয়সীদের লক্ষ্য করে নানা প্রচারণা চালাচ্ছি এবং তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছি। এখন দেখা যাচ্ছে, প্রাপ্তবয়স্কদেরও এই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কেননা দেখা গেছে, গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলতে গিয়ে চালকের মন বিক্ষিপ্ত হয়েছে এবং গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।’ —এপি অবলম্বনে রোকেয়া রহমান