গাড়ি চালানোর সময় মোবাইলেকথা বলা বেড়েছে
যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনার ২৫ শতাংশ ঘটে চালকের অমনোযোগিতার কারণে। আর এই অমনোযোগিতার পেছনের কারণ হচ্ছে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণা প্রতিবেদনটি গত শুক্রবার প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংস্থা গভর্নরস হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশন (জিএইচএসএ) এই গবেষণা চালায়। গবেষণায় দেখা গেছে, গাড়ির চালকেরা গাড়ি চালানোর সময় অর্ধেকেরও বেশি সময় মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত থাকেন। আর এ কারণে দুর্ঘটনা ঘটে। এতে হালকা থেকে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে সেফটি ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুধু ২০০৯ সালেই চালকের অমনোযোগিতার কারণে সাড়ে পাঁচ হাজার গাড়ি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। একই বছর গাড়ি দুর্ঘটনায় যত লোক মারা গেছে, তার ১৬ শতাংশ মারা গেছে চালকের অমনোযোগিতার কারণে। ২০০৫ সালে এ হার ছিল ১০ শতাংশ। জিএইচএসএ বলেছে, দুর্ঘটনারোধে এখনই পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সংস্থাটির পরামর্শ হচ্ছে, বিভিন্ন অঙ্গরাজ্যে গাড়িতে মুঠোফোন ব্যবহারের ওপর যে আইন রয়েছে, তা কঠোরভাবে প্রয়োগ করা। বিশেষ করে, শিক্ষানবিশ চালকদের জন্য গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার একেবারেই নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে জিএইচএসএ। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান