গাড়ি ডিঙিয়ে চলবে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখলে মনে হবে ভবিষ্যতের কোনো যন্ত্র। আসলে তা চীনের বহু প্রতীক্ষিত বাস। দুই পা ছড়িয়ে দাঁড়ালে যেমন দেখায়, এই বাসের আদল অনেকটা তেমন। অতিকায় এই বাস যখন সড়ক দিয়ে যাবে, ছোটখাটো যানবাহনকে বেকায়দায় ফেলবে না। সেগুলোকে স্বচ্ছন্দে ডিঙিয়ে যাবে। অন্যভাবে বলা যায়, অন্য গাড়িগুলো সুড়ুত করে এই বাসের নিচ দিয়ে চলে যাবে। ‘স্ট্যাডলিং বাস’ বলে পরিচিত এই যান এর মধ্যে বহু লোকের কৌতূহল সৃষ্টি করেছে।

এর পোশাকি নাম ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি)। এটি দুই মিটার উঁচু। দুপাশের চাকার মধ্যে দূরত্বও অনেকখানি। তাই এর নিচ দিয়ে গাড়ি চলাচল করতে পারে।

৭২ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের বাসটি চলবে বৈদ্যুতিক শক্তিতে। এটি সর্বোচ্চ ৩০০ জন যাত্রীকে বহন করতে পারে।

গত মে মাসে এই বাসের একটি ছোট সংস্করণের ভিডিওচিত্র যখন প্রকাশিত হয়, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়।
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কিনহুয়াংদাওয়ের ৩০০ মিটার দীর্ঘ একটি নিয়ন্ত্রিত রাস্তায় বাসটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।

আশা করা হচ্ছে, বাসটি সাধারণ রাস্তার পাশে পেতে রাখা রেলপথের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে চলতে পারবে। সর্বোচ্চ চারটি ট্রানজিট এলিভেটেড বাসকে একসঙ্গে জুড়ে দেওয়া যাবে।

চলতি বছরের শুরুর দিকে এ প্রকল্পের প্রধান প্রকৌশলী সং ইউঝাউ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘এই বাসের সবচেয়ে বড় সুবিধা হবে, এটি রাস্তার অনেক জায়গা বাঁচাবে।’

আরেক প্রকৌশলী বাই ঝিমিং সিসিটিভিকে বলেন, ‘টিউবির কাজ সাবওয়ের মতোই। কিন্তু একটি সাবওয়ে বানাতে যে খরচ হয়, টিইবি বানাতে খরচ তার ৫ ভাগের ১ ভাগ।’

প্রকল্প সূত্রে জানা গেছে, একটি টিইবির ধারণক্ষমতা ৪০টি সাধারণ বাসের সমান। তবে কবে থেকে চীনের শহরগুলোতে এগুলোর ব্যাপক ব্যবহার শুরু হবে, এ ব্যাপারে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। বিবিসি অনলাইন অবলম্বনে