গাড়িতে তারবিহীন পদ্ধতিতে স্মার্টফোন চার্জ
গাড়ি চালানোর সময় তারবিহীন পদ্ধতিতে স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। এ পদ্ধতিতে চার্জ দেওয়ার সময় কোনো চার্জার বা অ্যাডাপ্টরের প্রয়োজন পড়বে না। গাড়িতে রাখা বিশেষ ওয়্যারলেস ম্যাট স্মার্টফোন চার্জে ব্যবহূত হবে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গাড়িতে চলার সময় তারবিহীন পদ্ধতিতে মুঠোফোন চার্জ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছে। পদ্ধতিটির নাম ‘চি’। এটি মূলত চুম্বক পদ্ধতি। টয়োটার আভালন সেডান মডেলের গাড়িতে এ পদ্ধতি ব্যবহূত হবে। ২০১৩ সালে এ গাড়ি বাজারে আনবে টয়োটা।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ‘চি’ প্রযুক্তি সমর্থন করে এমন ৩৪ টি মডেলের স্মার্টফোন বাজারে পাওয়া যায়। উল্লেখ্যযোগ্য স্মার্টফোন মডেলগুলো হচ্ছে এলজি গুগল নেক্সাস ৪, নকিয়া লুমিয়া ৯২০ ও এইচটিসি উইন্ডোজ ফোন ৮এক্স। অন্যান্য স্মার্টফোনে অ্যাড অন পদ্ধতি ব্যবহার করে তারবিহীন উপায়ে চার্জ দেওয়া যাবে।