গাড়িতে বদলে যাচ্ছে সিডি প্লেয়ার প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমবেশি সবাই গান ভালোবাসে। আর গাড়িতে বসে ড্যাশবোর্ডের সিডি প্লেয়ারে গান শোনাটাও পছন্দের একটি ব্যাপার, এটা আমরা প্রতিনিয়তই দেখে থাকি। তবে গাড়িচালকদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে, এই সিডি প্লেয়ার প্রযুক্তিটি আর গাড়িতে থাকছে না। সম্প্রতি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ফোর্ড’ গাড়ির সঙ্গে বিনোদনের জন্য এবার সিডি প্লেয়ারের ধারণাটিকে বদলে দেবার ব্যবস্থা করেছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। সিডি প্লেয়ার পদ্ধতি বদলে গেলেও প্রতিষ্ঠানটি গাড়িচালকদের ডিজিটাল পদ্ধতি ব্যবহারের সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করছে। এই প্রযুক্তিতে সিডি প্লেয়ারের পরিবর্তে চালক ‘ফোর্ড’-এর অনলাইন লাইব্রেরি থেকে পছন্দের গান শুনতে পারবেন। ফোর্ড কর্তৃপক্ষ বলেছে, প্রতিষ্ঠানটির নতুন ফোকাস মডেলের গাড়ির সঙ্গে এই ডিজিটাল বিনোদন উপভোগ করার প্রযুক্তিটি যুক্ত হয়েছে। এতে গাড়ির ড্যাশবোর্ডে সিডি প্লেয়ারের পরিবর্তে থাকছে ইউএসবি সকেট। আর সেই সকেটে তারহীন ওয়াইফাই যন্ত্র লাগিয়ে সহজেই বিভিন্ন ধরনের গান ডাউনলোড করা যাবে কিংবা সঙ্গে থাকা আইপড বা অন্য কোনো মিউজিক প্লেয়ার থেকেও গান শোনা যাবে। গাড়িতে সিনক্রোনাইজ পদ্ধতি হিসেবে থাকছে ‘ইনফোটেইনমেন্ট হাব’। কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ইন্টারনেট থেকে এতে শুধু স্পটিফাই এবং অ্যাপলের আইক্লাউড লাইব্রেরির গানই শোনা যাবে । —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা