গাড়ির জন্য অ্যাপলের প্রযুক্তি

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড এবার আনুষ্ঠানিকভাবে গাড়ির জন্য তৈরি পণ্যের কথা জানিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি গাড়ির জন্য ‘কার-প্লে’ নামের বিশেষ এক প্রযুক্তি ব্যবস্থার ঘোষণা দিয়েছে। বিশ্বখ্যাত ফেরারি, মার্সিডিজ এবং ভলভো গাড়ির নতুন সংস্করণে এ প্রযুক্তি যুক্ত হবে।
সম্প্রতি মোটরগাড়ির এক প্রদর্শনীতে এ সুবিধাযুক্ত গাড়ি দেখানো হয়। বিশেষভাবে নকশা করা অ্যাপলের এই ব্যবস্থাটি মূলত আইফোন ও আইপ্যাডভিত্তিক। ব্যবহারকারীরা যাতে গাড়িতে বসেই ফোনের সব নম্বর, ভয়েস মেইল, নোটিফিকেশন, মানচিত্র, সংগীতসহ অন্যান্য সুবিধা ব্যবহার করতে পারেন, সে অনুযায়ী সাজানো হয়েছে এ প্রযুক্তি ব্যবস্থাটি। এ কাজগুলো করা যাচ্ছে গাড়িতে থাকা একটি টাচস্ক্রিনের মাধ্যমে।
চাইলে শুধু গাড়ির জন্য স্পটিফাই, আইহার্টরেডিওসহ বেশ কিছু তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ব্যবহার পদ্ধতিকে আরও সহজ করতে পর্দা স্পর্শ করা ছাড়াও গাড়ির স্টিয়ারিং হুইলের একটি বোতাম ব্যবহার করে কথার নির্দেশ দিয়েও এসব সুবিধা পাওয়া যাবে।
এ ক্ষেত্রে অ্যাপলের তৈরি ভার্চুয়াল সহকারী ‘সিরি’ এ কাজটি করে দেবে। তবে এই সেবাটি অ্যাপলের আইফোন ৫ ও তার পরের সংস্করণের স্মার্টফোনের সঙ্গেই শুধু এ সুবিধা ব্যবহার করা যাবে। চলতি বছরের শেষ দিকেই কার-প্লে যুক্ত গাড়ি বাজারে আসবে বলে জানা গেছে।
—টেকক্রাঞ্চ অবলম্বনে কাজী আলম