গাড়ির জন্য আসছে নকিয়ার প্রযুক্তি

যানবাহনে সুবিধা বাড়াতে স্মার্ট যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে নকিয়া। এ জন্য প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মানচিত্র ব্যবহার করে গাড়ি চালানোর আরও উন্নত প্রযুক্তির ব্যবস্থা নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে নকিয়া। মোবাইল বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি করার পরেই এ ধরনের সিদ্ধান্ত নিল নকিয়া। নকিয়া গ্রোথ পার্টনার্স (এনজিপি) এই বিনিয়োগের বিষয়টি নিয়ে কাজ করছে।
নকিয়ার এ প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়ন হলে মানচিত্র অনুসরণ করে যেমন গাড়ি চালানো যাবে, তেমনি আশপাশে থাকা গাড়ির ব্যাপারেও মানচিত্র দেখেই জানা যাবে। আর এ সুবিধাটি যুক্ত হলে গাড়ি ‘স্মার্ট গাড়ি’ হিসেবে পরিচিত হতে পারবে। এতে একই পথে চলা গাড়িগুলো একে অপরের সঙ্গে চাইলে সংযুক্তও থাকবে।
এনজিপির সহযোগী পল অ্যাসেল এ বিষয়ে এক বিবৃতিতে জানান, ‘মূলত নিরাপদ, উন্নত প্রযুক্তি সুবিধাযুক্ত, বুদ্ধিমান ও সাশ্রয়ী যানবাহন সেবা দিতে আমরা কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছি। আর সে উদ্যোগটি বাস্তবায়নের জন্যই এমন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নকিয়ার আগে এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে গুগল, অ্যাপল কম্পিউটার ও ইন্টেল কাজ করেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গাড়িতে যুক্ত করার বিষয়টি জানিয়েছে গুগল। এ ছাড়া অ্যাপল কারপ্লে নামের আইফোন সিস্টেম যুক্ত করার বিষয়টিও ইতিমধ্যে প্রকাশ করেছে। ইন্টারনেট সংযোগযুক্ত গাড়ি নিয়ে কাজ করছে ইন্টেলও। এবার নকিয়া এ তালিকায় যুক্ত হলো।—বিবিসি অবলম্বনে কাজী আলম