রাস্তায় যানবাহন যে ধোঁয়া বা গ্যাস ছাড়ে, তার মাত্রা যাচাইয়ের একটি স্মার্ট উপায় বের করেছেন জার্মানির একদল বিজ্ঞানী। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন পরীক্ষাগারে যেভাবে ধোঁয়ার মাত্রা যাচাই করে, সেটা বাস্তব রাস্তায় কাজ করে না বলে সমালোচনা হয়েছে। কিন্তু জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের উদ্ভাবিত পরীক্ষাপদ্ধতিটি অনেক বেশি নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত দিচ্ছে।
গবেষক দলের প্রধান ডেনিস পোলার ইউরোপিয়ান জিওসায়েন্সেস ইউনিয়নের সভায় বলেন, ‘পদ্ধতিটি খুব সোজা। আমরা যানবাহনের পেছনের সিটে একটি ছোট্ট যন্ত্র লাগিয়ে দিয়েছি। তারপর গাড়ির সামনের বাতাস পরীক্ষা করে তথ্য-উপাত্ত নিই। অবস্থান নির্ণয়ের জন্য আছে জিপিএস প্রযুক্তি। ক্যামেরায় যাচাই করা হয় বাহনটির ধরন—মোটরসাইকেল, মোটরগাড়ি, ট্রাক নাকি বাস এবং নির্মাতা প্রতিষ্ঠানের নাম।’
হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল ফিজিক্সের ওই বিজ্ঞানীরা মূলত নাইট্রোজেন অক্সাইডের ব্যাপারে আগ্রহী, যা ইঞ্জিন চলাকালীন গাড়ি থেকে বেরোয় এবং মানুষের স্বাস্থ্যের বড় ক্ষতির কারণ হতে পারে। তাঁরা দুই বছর ধরে জার্মানির বেশ কয়েকটি শহরের রাস্তায় চলাচলকারী বিভিন্ন গাড়িকে অনুসরণ করে দেখতে পান, নির্গত ধোঁয়া বা গ্যাসের অনেক বৈচিত্র্য রয়েছে। অনেক গাড়ির সর্বশেষ মডেল পরিবেশবান্ধব হলেও, সব যানবাহনের ক্ষেত্রে তা সত্য নয়।
গাড়ির পেছন দিকের নিচের অংশের পাইপ দিয়ে নির্গত ধোঁয়া বা গ্যাসের মাধ্যমে দূষণের জন্য গাড়ির ভেতরে যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থায় ত্রুটিই অনেক ক্ষেত্রে দায়ী। পুরোনো মডেলের বাসগুলোর অবস্থা বেশি শোচনীয়। গবেষকদের হিসাব অনুযায়ী, এসব গাড়ি রাস্তা থেকে সরিয়ে দিলে শহরের বাতাসে নাইট্রোজেন ডাই অক্সাইডের নির্গমন ৪৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। পোলার বলেন, কেবল পুরোনো গাড়িগুলো সরাতে পারলেও দূষণ অনেকটা কমানো যাবে।