গাড়ির স্টিয়ারিং হুইলে মোবাইল ফোন
গাড়িচালকদের মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও কোনোভাবেই তা বন্ধ করা যাচ্ছে না। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে বিপদের ঝুঁকি থাকে, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আর এ বিষয়টি নিয়েই প্রযুক্তিবিশ্বে শুরু হয়েছে আলোচনা। ভাবা হচ্ছে, যদি গাড়ির স্টিয়ারিং হুইলে মোবাইল ফোন সংযুক্ত করে কথা বলা যায়, তাহলে তা হবে নিরাপদ এবং দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। নতুন এ প্রযুক্তির একটি কিট তৈরির পরিকল্পনা করছেন ক্যালিফোর্নিয়ার প্রকৌশলী সমীর দেশাই। ‘স্টিয়ার সেফ ইউনিভার্সাল হ্যান্ডস-ফ্রি কিট’ নামের এ ডিভাইসটি গাড়ির চালকের স্টিয়ারিং হুইলে সংযুক্ত করা যাবে। মজার ব্যাপার হচ্ছে, এই কিট ব্যবহার করে স্টিয়ারিং হুইলের দিকে মনোযোগ রেখেই মোবাইল ফোনে কল করা, জিপিএস পদ্ধতিতে নেভিগেশন এবং মোবাইল-সংশ্লিষ্ট সব ধরনের কাজই করা যাবে। প্রকৌশলী সমীর দেশাই দাবি করেন, এই কিটটি ব্যবহারে মোবাইল ফোনে কথা বললেও চালকের মনোযোগ বিঘ্নিত হবে না। তিনি বলেন, এই কিটটি ব্যবহারে গাড়ির ড্যাশবোর্ড বা উইন্ডশিল্ড দেখেই ফোনের ডিসপ্লেতে কী আছে, তা সহজেই জানা যাবে। তবে তিনি এই কিটটি চূড়ান্তভাবে তৈরি করার আগে জনমত গঠন করছেন এবং এ জন্য নামে তিনি একটি ওয়েব পেজও খুলেছেন। আর এ সাইটটিতে যাঁরা কিটটি পেতে আগ্রহী এবং যাঁরা আগ্রহী নন, তাঁদের মতামত নেওয়া হচ্ছে। বর্তমানে তিন হাজার ৩৪৫ জন নতুন প্রযুক্তির কিটটি ব্যবহারের জন্য আগ্রহী হয়েছেন। তাঁর মতে, আর মাত্র ২৩ দিনের মধ্যে মোট ২০ হাজার জন আগ্রহী হলেই তাঁর লক্ষ্য পূরণ হবে এবং তিনি এ প্রযুক্তির কাজ শুরু করবেন। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা