গিনেজ রেকর্ডসে ওবামার মন্তব্য
‘আরও চার বছর’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ার পর এমন একটি টুইট করেছিলেন। বারাক ওবামার এ টুইটটি সর্বকালের জনপ্রিয় টুইট এবং ফেসবুকের সবচে লাইক পাওয়ার ক্ষেত্রে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, বারাক ওবামা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তিনটি রেকর্ড করেছেন। একইদিনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সবচেয়ে ছড়িয়ে পড়া বার্তা, ফেসবুকে একদিনে সর্বোচ্চ লাইক এবং কোনো বিষয় হিসেবে ফেসবুকে সবচেয়ে বেশি লাইক পাবার রেকর্ড করেছে বারাক ওবামার ‘আরও চার বছর’ বার্তাটি।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বারাক ওবামা তাঁর স্ত্রী মিশেলকে জড়িয়ে ধরে যে ছবিটি পোস্ট করেছেন তাঁতে ৩৫ লাখের বেশি লাইক দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। টুইটারেও রেকর্ড গড়েছে বারাক ওবামার ছবি ও তাঁর ‘আরও চার বছর’ টুইটটি। তাঁর এ টুইটটি সাড়ে তিন লাখেরও বেশি বার রিটুইট হয়েছে এবং সবচে জনপ্রিয় টুইটের তালিকায় সর্বকালের সেরা টুইটে স্থান পেয়েছে। এক লাখেরও বেশি টুইটার ব্যবহারকারী তাদের প্রিয় টুইটের তালিকায় ‘আরও চার বছর’ টুইটটি যোগ করেছেন। টুইটারে রেকর্ড গড়ার ক্ষেত্রে বারাক ওবামা ছাড়িয়ে গেছেন সংগীতশিল্পী জাস্টিন বিবারকেও। চলতি বছরের সেপ্টেম্বরে জাস্টিনের ‘রিপ আভালানা, আই লাভ ইউ’ টুইটটি দুই লাখ ২৩ হাজার ৩৭৬ বার রিটুইট হয়েছিল। বারাক ওবামার ‘আরও চার বছর’ ছাড়িয়ে গেছে জাস্টিন বিবারকে।