গিভিং প্লেজে যোগ দিলেন জুকারবার্গ
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বিশ্বের তৃতীয় ধনী ওয়ারেন বাফেটের ‘দ্য গিভিং প্লেজ’-এ যোগ দিলেন আরও ১৭ জন মার্কিন বিলিয়নিয়ার। তাঁদের মধ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও রয়েছেন। গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।চলতি বছরের জুন মাসে দ্য গিভিং প্লেজ প্রচারণা শুরু করেন, বিশ্বের দ্বিতীয় ধনী বিল গেটস ও তৃতীয় ধনী বাফেট। এর লক্ষ্য হলো, মার্কিন বিলিয়নিয়াররা তাঁদের জীবদ্দশায় বা মৃত্যুর পর মোট সম্পদের অর্ধেক জনসেবার জন্য দান করবেন। তাঁরা জনসম্মুুখে এ ঘোষণা দিয়ে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেবেন। নতুন ১৭ জনের তালিকায় মার্ক জুকারবার্গ ছাড়াও আমেরিকা অনলাইনের (এওএল) সহ-প্রতিষ্ঠাতা স্টিভ কেস, মার্কিন পুঁজিপতি কার্ল আইকান ও ওয়াল স্ট্রিটের সাবেক নির্বাহী মাইকেল মিলকেন রয়েছেন।প্রচারণা শুরুর পর ভালোই সাড়া পাচ্ছে দ্য গিভিং প্লেজ। এ পর্যন্ত ৫৭ জন বিলিয়নিয়ার এই অঙ্গীকার করেছেন।—রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান