গুগল আইও শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউয়ে। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বার্ষিক সম্মেলন গুগল আইওতে যোগ দিতে সারা পৃথিবী থেকে প্রযুক্তিবিদ বিশেষ করে গুগল ডেভেলপাররা জড়ো হয়েছেন এখানে। গতকাল বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে শুরু হয়েছে আইওর মূল আয়োজন। চলবে তিন দিন ধরে।
মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে গুগল ডেভেলপারদের বৈশ্বিক সম্মেলন জিডিজি গ্লোবাল সামিট। সানফ্রান্সিসকোতে এ সম্মেলনে অংশ নিয়েছে এক শটির বেশি দেশের চার শতাধিক ডেভেলপার ও গুগল কমিউনিটি প্রতিনিধি। এতে মূল বক্তব্য দেন গুগল ডেভেলপার প্রোগ্রাম ম্যানেজার অ্যাড্রিয়ানা সেরুনডোলো। সম্মেলনে গুগল ডেভেলপার গ্রুপ, উইমেন টেকমেকারস, গুগল পার্টনার প্রোগ্রাম, গুগল ডেভেলপার এজেন্সি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীদের হাতেখড়ি হয় কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন প্রযুক্তি টেনসর ফ্লো নিয়ে।
এ সম্মেলনে গুগল ডেভেলপার এবং উইমেন টেকমেকারসের বিভিন্ন দেশের কমিউনিটি ব্যবস্থাপকেরা ‘আনকনফারেন্স’ শিরোনামে ছোট ছোট দলে বিভক্ত হয়ে নানা অধিবেশনে বক্তব্য দেন। এর একটি অংশে বক্তব্য দেন উইমেন টেকমেকারস বাংলাদেশের লিড রাখসান্দা রুখাম। জিডিজি সম্মেলনে বাংলাদেশ থেকে আরও তিনজন অংশ নিচ্ছেন। তাঁরা গুগল আইওতেও বাংলাদেশের গুগল কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন। গুগল আইওতে গুগলের ভবিষ্যতে প্রযুক্তির ঘোষণা আসবে।