গুগল আইওর আদলে রাজধানীতে সম্মেলন
আমন্ত্রণ পেয়েছিলেন ৭০০ তরুণ। শুক্রবার সকাল ৮টা নাগাদ রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে সেই তরুণদেরই ভিড়। উদ্দেশ্য, নিবন্ধনের পর্ব শেষ করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলার আয়োজনে ‘ডেভেলপার সম্মেলন গুগল আইও এক্সটেনডেড বাংলাদেশ’ পর্বে যোগ দেওয়া। গত মাসে যুক্তরাষ্ট্রে গুগলের সবচেয়ে বড় সম্মেলন গুগল আইও অনুষ্ঠিত হয়। গুগলের নতুন সব প্রযুক্তির উপস্থাপনা ছিল তাতে। সে আদলেই তৈরি গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করে জিডিজি বাংলা। সকাল ৯টা থেকে এ অনুষ্ঠান চলে বেলা ১টা পর্যন্ত। মূল বক্তব্যের উপস্থাপন তো ছিলই, সঙ্গে ছিল প্রযুক্তিবিষয়ক একাধিক সেমিনার।
এ আয়োজনের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশ্রাফ আবির, গ্রামীণফোনের হেড অব টেলিনর ডিজিটাল প্রোডাক্টস ফারহানা ইসলাম, ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আমব্রিন রেজা এবং জিডিজি বাংলার উপদেষ্টা কাজী হাসান। পর্বটি পরিচালনা করেন গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস খায়রুল বাশার। এর আগে গুগল আইও এক্সটেনডেডের মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমী রাফসানজানি। তিনি গুগলের নতুন নতুন প্রযুক্তি ও সেবা সম্পর্কে বিস্তারিত জানান। একটি কর্মশালা পরিচালনা করেন স্টান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। গুগলে বাংলা ভাষা নিয়ে করা বিভিন্ন কাজ তুলে ধরেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খান মোহাম্মদ আনোয়ারুস সালাম। জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান অনুষ্ঠানটি পরিচালনা করেন। বক্তৃতা করেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান ও উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। এ আয়োজনের প্রচার সহযোগী ছিল এনটিভি অনলাইন।
নিজস্ব প্রতিবেদক