গুগল আনছে পিক্সেলের নতুন স্মার্টফোন, স্মার্ট ঘড়িও

আইও সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাইগুগল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন ‘গুগল আইও’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বরাবরই আগ্রহ দেখা যায়। এ বছরেও গুগল নতুন কি পণ্য ও সেবার ঘোষণা দেয়, তা নিয়েও অপেক্ষায় ছিলেন তাঁরা। গতকাল বুধবার রাতে দুই ঘণ্টার আইও সম্মেলনে বেশ কিছু নতুন প্রযুক্তি সেবার ঘোষণা দিয়েছে গুগল। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অ্যান্ড্রয়েড নিয়ে ঘোষণার পাশাপাশি পিক্সেল স্মার্টফোন নিয়েও নানা ঘোষণা এসেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এসব তথ্য তুলে এনেছে। গুগলের নতুন পণ্য ও সেবাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

গুগল ৬এ

গুগলের পক্ষ থেকে পিক্সেল ৬ স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়েছে। এর দাম হবে ৪৪৯ মার্কিন ডলার। আগামী ২১ জুলাই এটি বাজারে আসবে। ১২ মেগাপিক্সেলের
নতুন এ স্মার্টফোনে টেনসর চিপসেট ও নতুন নকশা ব্যবহার করেছে গুগল।

পিক্সেল ঘড়ি

গুগলের পিক্সেল ব্র্যান্ডের স্মার্টঘড়ি নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। গুগলের পক্ষ থেকে এবারের সম্মেলনে এই ঘড়ির সফটওয়্যার কেমন হবে, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ওয়্যার ওএস ৩–এর হালনাগাদ সংস্করণে চলা ঘড়িটিতে ফিটবিট ফিচার থাকবে, ফলে স্বাস্থ্যগত বিভিন্ন তথ্য জানা যাবে। তবে এ ঘড়ির চিপসেট সম্পর্কে কোনো তথ্য জানায়নি গুগল। এ বছরের শেষ নাগাদ ঘড়িটির দেখা মিলতে পারে।

পিক্সেল ৭

এ বছরের শেষ নাগাদ গুগল পিক্সেল ৭ ও ৭ প্রো নামের স্মার্টফোন বাজারে ছাড়তে পারে। এতে ভিন্ন ধরনের ক্যামেরা ও ব্যাক প্যানেলের দেখা মিলতে পারে। বর্তমান পিক্সেল ফোনগুলোর মতোই এতে দুটি বা তিনটি ক্যামেরা থাকতে পারে।

পিক্সেল বাডস প্রা

অ্যাপলের এয়ারপডস প্রোর মতোই গুগল তাদের পিক্সেল বাডস প্রোর ঘোষণা দিয়েছে। এর দাম হতে পারে ১৯৯ মার্কিন ডলার। এতে নজের ক্যানসেলেশন ফিচার থাকবে। এর ব্যাটারির আয়ু হবে ৭ ঘণ্টার বেশি। এতে বিশেষ কাস্টম অডিও চিপসেট থাকবে, যা ব্লুটুথ মাল্টিপয়েন্ট সমর্থন করবে। ২১ জুলাই থেকে এর আগাম ফরমাশ দেওয়া যাবে। কয়েটি রঙে বাজারে আসবে পিক্সেল বাডস প্রো।

টেনসরচালিত পিক্সেল ট্যাব

আগামী বছর নাগাদ গুগল অ্যান্ড্রয়েডনির্ভর পিক্সেল ট্যাব বাজারে ছাড়তে পারে। পিক্সেল ফোনের সঙ্গে সহজে যুক্ত করার নানা সুবিধা থাকবে এতে। এতে টেনসর চিপসেট ব্যবহার করা হবে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এবারের সম্মেলনে নতুন ট্যাব ঘোষণার মধ্য দিয়ে আবার ট্যাব বাজারে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

গুগল গ্লাস ২

গুগলের মূল উপস্থাপনার শেষ দিকে ছিল বিশেষ চমক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অগমেন্টেড রিয়্যালিটি (এআর) গ্লাসের ঘোষণা দেওয়া হয়। গুগল গ্লাস ২ নামে পরিচিত এই স্মার্ট চশমায় রিয়েল টাইম তাৎক্ষণিক সময়ে যোগাযোগ করার বিশেষ সুবিধা থাকবে। নতুন স্মার্টচশমা ঘোষণার মধ্য দিয়ে মেটা ও স্ন্যাপের সঙ্গে প্রতিযোগিতায় ফিরতে যাচ্ছে গুগল।

উন্নত গুগল লেন্স

এবারের গুগলের ডেভেলপার সম্মেলন ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিয়ে নানা তথ্য দিয়েছে গুগল। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর নতুন ভাষাগত মডেল পরীক্ষা করার সুযোগ দিচ্ছে গুগল। এতে ল্যাম্বডা ২ নিয়ে পরীক্ষার পাশাপাশি ব্যবহারকারীকে তাদের লেন্সের মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন পণ্য সহজে অনুসন্ধানের সুযোগ করে দেবে। এর পাশাপাশি মোবাইলে ইউটিউবে স্বয়ংক্রিয় ভাষান্তর সুবিধাও যুক্ত হবে। এ ছাড়া গুগল তাদের মাল্টিসার্চ ফিচার উন্নত করার ঘোষণাও দিয়েছে।

ব্যবহারকারীর গোপনীয়তা

এবারের সম্মেলনে গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীর গোপনীয়তার বিষয়ে আরও জোর দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ জন্য নতুন নিরাপত্তা ও প্রাইভেসি ফিচারের ঘোষণাও এসেছে। এর মধ্যে রয়েছে মাই অ্যাড সেন্টার ইন্টারফেসের মতো নতুন ফিচার। এতে ব্যবহারকারী তাঁর পছন্দের বিজ্ঞাপন দেখার ক্ষেত্রে নিয়ন্ত্রণের সুবিধা পাবেন।

অ্যান্ড্রয়েড ১৩

গুগল এবার অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণটি ঘিরে নানা পরিকল্পনা করেছে। অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণে যুক্ত হচ্ছে ‘ম্যাটেরিয়াল ইউ’ থিম। এতে বিভিন্ন ভাষায় অ্যাপ সেট করা যাবে। এর বাইরে বেশ কিছু সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার যুক্ত হচ্ছে। তবে অ্যান্ড্রয়েড ১২–এর তুলনায় অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণে ব্যাপক পরবির্তন চোখে পড়বে না। অ্যান্ড্রয়েড ১২ যেখানে অনেকটাই অগোছালো বলে মনে হয়, অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণে তা অনেক গুছিয়ে আনতে পারে গুগল। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ১৩ বিটা সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

গুগল ওয়ালেট

গুগল তাদের ওয়ালেট অ্যাপটি আবার সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে ফিরিয়ে আনছে। এতে পেমেন্ট কার্ডসের পাশাপাশি বিভিন্ন পাস, রিওয়ার্ড প্রোগ্রাম, বিভিন্ন রেকর্ডের মতো বিষয়গুলো যুক্ত করা হবে। গুগল বলছে, তাদের এই অ্যাপটি ডিজিটাল আইডেনটিটি যুগের কথা বিবেচনায় তৈরি করা হয়েছে।

গুগল ম্যাপসে পাখির চোখে সড়ক দেখা 

গুগল তাদের ম্যাপে ‘ইমার্সিভ ভিউ’ মোড যুক্ত করছে। এর অর্থ হচ্ছে আকাশ থেকে বা ওপর থেকে সড়কের ছবি (স্ট্রিট ভিউ) দেখা। বিভিন্ন শহর বা এলাকাকে ওপর থেকে এই মোড ব্যবহার করে দেখে নেওয়া যাবে।