গুগল আনছে ব্যক্তিগত নিউজ ফিড
গুগল তাদের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ হিস্ট্রি সংগ্রহ করছে। ব্যবহারকারী সম্পর্কে ধারণা নিতে তা সংগ্রহ করা হচ্ছে। এর ওপর ভিত্তি করে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদাভাবে ফিড তৈরি বানাচ্ছে প্রতিষ্ঠানটি। এই ফিড আপাতত গুগল অ্যাপের সার্চ বারের নিচে, পিক্সেল লাউঞ্চার এবং পর্যায়ক্রমে ব্রাউজার ও অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যাবে।
ফেসবুকের নিউজ ফিডে যেমনটা নিজ বন্ধুদের ছবি ও পোস্টগুলো সবার আগে ভেসে ওঠে ঠিক একইভাবে গুগল সার্চ বারের নিচে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিষয়গুলোর লিংক ভেসে উঠবে। যেখানে থাকবে পছন্দ অনুযায়ী সংবাদ, ইউটিউব ভিডিও, খেলার স্কোর, রান্নার প্রণালি এবং ব্যবহারকারীর পছন্দ অনুসারে বিভিন্ন উপকরণ। আর তা ব্যবস্থা করা হবে তথ্য খোঁজার ধরনের ওপর ভিত্তি করে।
এর আগে গুগল নাউ-এ ব্যবহারকারীর ইনবক্স এবং ক্যালেন্ডারে কী আছে, তার ওপর ভিত্তি করে ফিড তৈরি করা হয়েছিল। বর্তমানে গুগল সেই কাজকে আরও উন্নত করছে। গুগলের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট শশী ঠাকুরের মতে, বর্তমানে এটি আরও বুদ্ধিসম্পন্ন হয়েছে।
নতুন এই ফিডের খারাপ দিক যে নেই তা নয়। কারণ, তথ্য খোঁজার বিষয়গুলোর মধ্যে এমন কিছু হয়তো থেকে থাকবে, যা আপনি মোটেই চাইবেন না পরবর্তী সময়ে তা আবার আপনার পর্দায় ভেসে উঠুক; যা একজন ব্যবহারকারীর জন্য বেশ বিব্রতকর হতে পারে। তা ছাড়া যৌন এবং ধর্মীয় এমন কিছু বিষয় আছে, যেগুলো অনেকেই চাইবেন না সার্চ বারের নিচে দেখা যাক। এসব ক্ষেত্রে আপনার ব্রাউজারের ইনকোগনিটো সুবিধাটি বেশ কাজে দেবে। তবে এ বিষয়ের সমাধানে গুগল পরিকল্পনা করছে, যাতে অপছন্দের বিষয়গুলো অপছন্দের তালিকায় রাখা যায়। যাতে সেগুলো আর দেখা না যায়।
মারিফুল হাসান, সূত্র: ম্যাশেবল