ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বিশ্ব ভ্রমণে সুযোগ করে দেয় এমন একটি সফটওয়্যার হলো গুগল আর্থ। গুগলের তৈরি করা এই সফটওয়্যারটি বিনা মূল্যে ইন্টারনেট থেকে নামিয়ে ব্যবহার করা যায় যেকোনো অপারেটিং সিস্টেমেই। তবে এখানে তথ্যগুলো সরাসরি গুগল সার্ভার থেকে দেখানো হয়ে থাকে বলে ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে। সম্প্রতি গুগল আর্থের নতুন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হয়েছে। আগে যেখানে শুধু সফটওয়্যারটি ডাউনলোড করার ব্যবস্থা ছিল, এখন ডাউনলোড করার পাশাপাশি এই সফটওয়্যার দিয়ে আরও কী ধরনের কাজ করা যেতে পারে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ওয়েবসাইটটির ঠিকানা www.google.com/earth। ওয়েবসাইটে গুগল আর্থকে কয়েকভাবে তুলে ধরা হয়েছে। একেবারে শুরুর দিকে গুগল আর্থে শুধু পৃথিবীর বিভিন্ন স্থান দেখার সুযোগ ছিল। ধীরে ধীরে সেখানে গুগল স্কাই, গুগল মুন এবং গুগল মার্স অপশনগুলোর মাধ্যমে মহাকাশ, চাঁদ এবং মঙ্গলগ্রহের ত্রিমাত্রিক ছবি সংযোজন করা হয়। একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে নতুন তথ্য সংযোজন এবং সাগর ও মহাসাগর বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এ ধরনের প্রতিটি সেবা এবং এর ব্যবহার পদ্ধতি বর্ণনা করা হয়েছে বিভিন্ন টিউটরিয়ালের মাধ্যমে। সেই সঙ্গে গুগল ম্যাপ, গুগল স্কেচআপ, বিল্ডিং মেকারের মতো গুগল আর্থ সম্পর্কিত বিভিন্ন ধরনের সফটওয়্যার ও সেবা সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে এখানে। আবার সফটওয়্যার ছাড়া ব্রাউজার থেকেই পগাইন ব্যবহারের মাধ্যমে কীভাবে গুগল আর্থ ব্যবহার করা যায় ইত্যাদি বিষয় ভিডিও টিউটরিয়ালের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ডেস্কটপ কম্পিউটার ছাড়াও মোবাইল ফোন থেকে http://m.google.com/earth ঠিকানার মাধ্যমে গুগল আর্থ ব্যবহার পদ্ধতি দেখানো হয়েছে। গুগল আর্থ সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যার জন্য সহযোগিতা পাওয়া যাবে www.google.com/earth/help ঠিকানায়। —গুগল ব্লগ অবলম্বনে নাসির খান