গুগল ইন্ডিয়ার কর ফাঁকির অভিযোগ!
গুগল ইন্ডিয়ার প্রতি খড়গহস্ত হতে যাচ্ছে ভারতীয় আয়কর বিভাগ। জানা গেছে, গুগলের ভারতীয় অংশটির দিকে তর্জনী তুলেছেন ভারতের টেলিকম-মন্ত্রী কপিল সিবালও।আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, গুগল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই অর্থবছরে তাদের ব্যবসার লাভ-ক্ষতির সঠিক হিসাবটি তুলে ধরেনি। দাখিল করা কাগজপত্রে অনেক ত্রুটিবিচ্যুতি খুঁজে পেয়েছে আয়কর বিভাগ।মূলত বিজ্ঞাপনের আয় ও অন্যান্য ডিস্ট্রিবিউশন ফির ক্ষেত্রে ভারতীয় আয়কর বিভাগ অসামঞ্জস্য খুঁজে পেয়েছে বলেই জানা গেছে। আয়কর বিভাগ জানিয়েছে, গুগল ইন্ডিয়া যেসব তথ্য সরবরাহ করেছে, তাতে তাদের আয়ের সঠিক চিত্রটি উঠে আসেনি।এক হিসাবে আয়কর বিভাগ দেখিয়েছে, গুগল ইন্ডিয়া ২০০৮-২০০৯ অর্থবছরে যেখানে ১৭৬ কোটি ভারতীয় রুপি রাজস্ব আয় করেছে, সেখানে রিটার্নে তারা দেখিয়েছে মাত্র সাত কোটি রুপি।গুগল ইন্ডিয়া ও গুগল আয়ারল্যান্ড একটি একক প্রতিষ্ঠান হিসেবে ভারতে ব্যবসা পরিচালনা করার সুযোগ পেয়েছিল। কিন্তু পরে গুগল ইন্ডিয়া আলাদাভাবেই যে পরিমাণ ব্যবসা করছে, তাতে বছরে প্রায় ৭৪ কোটি রুপি করের আওতায় পড়ে তারা। অভিযোগ উঠেছে, ভারতীয় আয়কর বিভাগকে গুগল ইন্ডিয়া সমপরিমাণ কর ফাঁকি দিয়েছে।