গুগল ওসিআরে এল বাংলা
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার নিজেদের অপটিক্যাল কারেক্টার রিকগনিশন (ওসিআর) সুবিধায় বাংলা ভাষা যুক্ত করেছে। বাংলা ছাড়াও আরও ভাষা যুক্ত করা হয়েছে গুগল ওসিআরে। সব মিলিয়ে বর্তমানে গুগল ওসিআরে ২৮৪টি ভাষা যুক্ত হলো। সাধারণত ওসিআরের সাহায্যে যেকোনো ছবি থেকে লেখা কনভার্ট করে ডকুমেন্ট আকারে সংরক্ষণ করা যায়। এর জন্য বিশেষ অ্যালগরিদম তৈরি করা থাকে, যা জেপিজি, পিএনজি, জিআইফ বা পিডিএফ ফাইলকে সরাসরি ডকুমেন্ট ফাইল হিসেবে সংরক্ষণের সুবিধা দিতে পারে। ডিজিটাল ক্যামেরা কিংবা মোবাইলে তোলা ছবি থেকেও ওসিআর যেকোনো লেখা ডকুমেন্টে সংরক্ষণ করতে পারে।
সম্প্রতি গুগলের সাপোর্ট ফোরামে নতুন ভাষা যুক্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। ২০০৬ সাল থেকে গুগলের মালিকানাধীন হিসেবে ওসিআর সফটওয়্যার ‘টেসিরেক্ট’ কাজ শুরু করে। সফটওয়্যারটি বিনা মূল্যে ব্যবহার করা যায়। বিশ্বের অন্যতম নিখুঁত মুক্ত সফটওয়্যার ওসিআর ইঞ্জিন হিসেবে সমাদৃত এ সফটওয়্যারটি। এর উন্মুক্ত সোর্স কোড পাওয়া যাবে https://github.com/tesseract-ocr ঠিকানায়।
গুগল ড্রাইভ ব্লগ ও গুগল সপোর্ট ফোরাম