গুগল কোড জ্যামের নিবন্ধন শুরু
শুরু হয়েছে প্রোগ্রামিং নিয়ে গুগলের প্রতিযোগিতার আয়োজন ‘কোড জ্যাম ২০১২’। ১৩ মার্চ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধন পর্বটি শুরু হয়েছে। শিক্ষার্থী, পেশাদার বা অপেশাদার সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১০ হাজার ডলার পুরস্কার। কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হচ্ছে এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে। ২০০৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে গুগল। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে গুগলের দেওয়া গাণিতিক বা কোড সমস্যার সমাধান করতে হয়। প্রতিযোগিতায় ঘরে বসেই অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ২০১১ সালে এ প্রতিযোগিতায় ৩০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। সর্বোচ্চ ৫৮ স্কোর করে পুরস্কার জিতেছিল জাপানের প্রতিযোগীরা।ওয়ার্ল্ড ফাইনালসহ এবারের প্রতিযোগিতায় মোট চারটি রাউন্ড থাকছে। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে শুরু করে ঘরে বসেই সব রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ থাকছে। গুগলের কোড জ্যাম ভাঙতে কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিযোগীরা মোট সময় পাবেন ২৪ ঘণ্টা। পরের রাউন্ডে সময় থাকবে আড়াই ঘণ্টা। তিন রাউন্ড পার করে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২৫ জনকে গুগলের নিউইয়র্ক অফিসে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ দেবে গুগল। এবারের চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ২৭ তারিখে। গুগলের কোড জ্যাম ২০১২ প্রতিযোগিতায় নিবন্ধন করতে যেতে হবে http://code.google.com/codejam/contest/registration ঠিকানায়। এ ছাড়া এ বছরের গুগলের দেওয়া সমস্যাটি পড়া যাবে http://pastebin.com/wZmTNzbd লিংক থেকে। আগ্রহীরা চাইলে আগের প্রতিযোগিতার সমস্যাগুলোর অনুশীলন করে নিতে পারেন। এ জন্য যেতে হবে নিচের লিংকটিতে। http://code.google.com/codejam/contests.html গুগল তাদের কোড জ্যাম পাতায় উল্লেখ করেছে, এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম প্যারিসে ঘোষণা করার কথা থাকলেও প্রতিযোগিতার স্বার্থেই তা নিউইয়র্কে সরিয়ে নেওয়া হয়েছে।