গুগল ক্রোমের নিরাপত্তা ভেঙে দিল হ্যাকার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের ক্রোম ব্রাউজারের নিরাপত্তা কোড ভেঙে ৬০ হাজার ডলার পুরস্কার জিতে নিয়েছে ফ্রান্সের একদল হ্যাকার। উইন্ডোজ কম্পিউটারে গুগল ক্রোমের নিরাপত্তা ত্রুটি বের করতে স্রেফ পাঁচ মিনিট সময় নিয়েছে ‘ভুপেন’ নামের হ্যাকার দলটি। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কনসেকওয়েস্ট সম্মেলনে ‘পিডব্লিউএন২ওডব্লিউএন’ নামের একটি হ্যাকিং প্রতিযোগিতায় গুগল ক্রোমের নিরাপত্তায় ত্রুটি বের করায় এ পুরস্কার পেয়েছে তারা। কর্মকর্তাদের বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, প্রতিযোগিতার অংশ হিসেবে গুগল তাদের ক্রোম ব্রাউজার হ্যাকের সুযোগ দিয়েছিল। প্রতিযোগিতার শর্ত ছিল, কোনো হ্যাকার গুগলের ক্রোম ব্রাউজার হ্যাক করতে পারলে তাঁকে এক মিলিয়ন বা ১০ লাখ ডলার পুরস্কার দেবে গুগল। এ প্রতিযোগিতাটি গত তিন বছর ধরে অনুষ্ঠিত হলেও এ পর্যন্ত গুগলের নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কোনো হ্যাকার ক্রোম ব্রাউজারটি হ্যাক করতে পারেনি। এবারই প্রথম এ কাজে সমর্থ হয়েছেন হ্যাকাররা। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় এর আগে সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার ও ফায়ারফক্স অংশ নেয়। কিন্তু হ্যাকাররা ওই তিনটি ব্রাউজারের ক্ষেত্রেও নিরাপত্তা ত্রুটি বের করে পুরস্কার জিতে নিয়েছিল। এবারে এ প্রতিযোগিতায় কেবল গুগল কর্তৃপক্ষই অংশ নেয়। এ প্রসঙ্গে গুগল কর্মকর্তারা বলেন, ‘বিশ্বাস ছিল হয়তো কোনো হ্যাকারের পক্ষে আমাদের নিরাপত্তা কোড ভাঙা সম্ভব হবে না। আমরা দেখাতে চেয়েছিলাম এটি ভেঙে ফেলা অসম্ভব একটি কাজ। কিন্তু ভুপেন নামের দলটি আমাদের নিরাপত্তা ভেঙে মোট ৩২ পয়েন্ট অর্জন করে। তাই তাদের ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হচ্ছে। কীভাবে এ কোড ভেঙেছে সে তথ্য প্রকাশ করেনি ভুপেন।এদিকে, প্রতিযোগিতায় রাশিয়ার সের্গেই গ্লাজুনাভ নামের এক শিক্ষার্থীও গুগল ক্রোমের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ত্রুটি বের করে ফেলায় ৬০ হাজার ডলার পুরস্কার দাবি করেছে। গুগল তাদের ক্রোম ব্রাউজারের জন্য নিরাপত্তা বাড়াতে দ্রুত সফটওয়্যার আনার ঘোষণা দিয়েছে।