গুগল খুলতে জিপার!
জিপার ১৯ শতকের প্রয়োজনীয় একটি উদ্ভাবন ছিল। ২৪ এপ্রিল মঙ্গলবার জিপার উদ্ভাবক গিডন সান্ডব্যাকের জন্মদিন উপলক্ষে গুগল তাদের হোমপেজে একটি বিশাল জিপারের ডুডল বসিয়ে তাঁকে স্মরণ করছে।পোশাকশিল্পের উন্নতিতে সুইডিশ বংশোদ্ভূত আমেরিকান নাগরিক গিডনের অসামান্য অবদান রয়েছে। গিডনের জিপার উদ্ভাবনের দুই দশক আগে থেকেই বিষয়টি নিয়ে কাজ করছিলেন প্রকৌশলীরা। কিন্তু জিপার তৈরিতে পূর্ণাঙ্গতা এসেছিল গিডনের হাত ধরেই। জিপারের দুই সারি দাঁতের মধ্যে মিল রেখে এবং একটি নিবের সাহায্যে জিপারের দাঁতগুলো নিয়ন্ত্রণের পদ্ধতি উদ্ভাবন করেছিলেন তিনি। জিপার তৈরির মেশিনও তৈরি করেছিলেন যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গিডন।১৮৮০ সালের ২৪ এপ্রিল সুইডেনে জন্মগ্রহণ করেছিলেন গিডন। পড়াশোনা করেন জার্মানিতে এবং ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। যুক্তরাষ্ট্রের ওয়েস্টিংহাউস ইলেকট্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ শুরু করেন তিনি। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত ইউনিভার্সাল ফাস্টটেনার কোম্পানিতে নিয়োগ পান গিডন। ১৯০৯ সালে কোম্পানিটির প্রধান ডিজাইনার হিসেবে পদোন্নতি পান। জিপারের এই উদ্ভাবক মারা যান ১৯৫৪ সালে।