গুগল গ্লাস পেতে তর সইছে না জাকারবার্গের!
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুগলের তৈরি ‘গুগল গ্লাস’ চাই-ই চাই ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর। আর তা পেতে মোটেও তর সইছে না তাঁর।গুগলের তৈরি ‘গুগল গ্লাস’ বা প্রযুক্তি চশমা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ চশমা চোখে পরা অবস্থাতেই ফেসবুক ব্যবহার করা, ছবি তোলা, ভিডিও ধারণ এবং কণ্ঠস্বর রেকর্ড করার মতো নানা কাজ করা যায়। গুগল ও ফেসবুকের মধ্যে ব্যবসার দিক থেকে নানা বিষয়ে প্রতিযোগিতা থাকলেও জাকারবার্গ সরাসরি গুগল গ্লাসের প্রতি তাঁর আগ্রহের কথা প্রকাশ করেছেন। ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুকের তিনজন প্রকৌশলীর একটি দল গুগল গ্লাস পেতে মুখিয়ে রয়েছেন। তাঁরা এ হার্ডওয়্যার হাতে পেলেই ফেসবুক গুগল গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করবেন। নিজের জন্য একটি গুগল গ্লাসের আকাঙ্ক্ষার কথাও গোপন করেননি তিনি।এদিকে গুগল সম্প্রতি গুগল গ্লাস বা প্রযুক্তি চশমার নতুন ফিচারের তথ্য জানিয়েছে। একটি ভিডিও পোস্টে গুগল গ্লাস সম্পর্কিত এ তথ্য জানিয়েছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি। ২০১২ সালে এ গুগল গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছিল অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।গুগল গ্লাসের নতুন ফিচারের ভিডিওর লিংক http://www.youtube.com/watch?v=v1uyQZNg2vE&feature=player_embedded#!