গুগল গ্লাসে নাখোশ টিম কুক

গুগলের তৈরি প্রযুক্তি চশমা মনে ধরেনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের। তাঁর মতে, গুগল গ্লাসের ভবিষ্যত খুব উজ্জ্বল নয়, এ পণ্যটি সত্যিই ‘জটিল’। সাধারণ ব্যবহারকারীর এ পণ্যটি মনে ধরবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি অল থিংস ডিজিটাল নামের একটি সম্মেলনে অ্যাপলের বর্তমান অবস্থাসহ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি নিয়ে কথা বলেন তিনি।
গুগল, মাইক্রোসফট, স্যামসাংসহ অনেক প্রতিষ্ঠানই এখন বিভিন্ন ক্ষেত্রে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।
সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টিম কুক মনে করেন অ্যাপল এখনও তার জৌলুস হারায়নি। শিগগিরই অ্যাপলের চমক দেখা যাবে। পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে অ্যাপল কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। তবে ঠিক কী ধরনের পরিধেয় প্রযুক্তিপণ্য এবং তা কবে নাগাদ বাজারে আসতে পারে এ বিষয়ে তথ্য জানাননি তিনি।
গুগল গ্লাস সম্পর্কে টিম কুক জানিয়েছেন, গুগল গ্লাস ‘ডিফিকাল্ট’ পণ্য। এ পণ্যটির বাজারে গ্রহণযোগ্যতার প্রশ্ন আছে। এক হাজার ৫০০ ডলার ব্যয়ে কতজন এ গ্লাস কিনবে তা দেখার বিষয়।
অ্যাপল ভবিষ্যতে আরও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়ে ভোক্তাদের মন জয় করতে সক্ষম হবে বলেও আশা করছেন টিম কুক।