গুগল ছেড়ে ইয়াহুতে গেলেন হেনরিক ডি ক্যাস্ট্রো
গুগলের বিজ্ঞাপন বিভাগের অভিজ্ঞ কর্মকর্তা হেনরিক ডি ক্যাস্ট্রোকে সম্প্রতি চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে নিয়োগ দিয়েছে ইয়াহু।এর আগে ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন গুগলের কর্মকর্তা মারিসা মেয়ার। হেনরিক ডি ক্যাস্ট্রোকে সিওও পদে নিয়োগের ফলে ইয়াহুর দুটি গুরুত্বপূর্ণ পদেই এখন প্রতিদ্বন্দ্বী গুগলের সাবেক দুই কর্মকর্তা কাজ করবেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। ইয়াহুর বিবৃতিতে বলা হয়েছে, ইয়াহুতে ডি ক্যাস্ট্রোর কাজ হবে বৈশ্বিকভাবে ইয়াহুর পণ্য বিক্রি, ব্যবসা পরিচালনা, যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলোর প্রতি নজর রাখা। প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, জনপ্রিয় অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বর্তমানে গুগল, ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছে এবং ঘুরে দাঁড়ানোর সব ধরনের চেষ্টা করছে। চলতি বছরের জুলাই মাসে গুগল ছেড়ে মারিসা মেয়ার ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটিতে বেশ কিছু রদবদল করেছেন। ২৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেটের সাবেক সিএফও কেন গোল্ডম্যানকে ইয়াহুর নতুন চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে নিয়োগ দিয়েছেন তিনি। এবারে সিওও পদটির জন্য গুগলের বিজ্ঞাপন ব্যবসায় অভিজ্ঞ ডি ক্যাস্ট্রোকে নিয়োগ দিলেন মারিসা। নতুন নিয়োগ প্রসঙ্গে মারিসা মেয়ার বলেন, অভিজ্ঞ ডি ক্যাস্ট্রো ইয়াহুতে এসে প্রতিষ্ঠানটির আয় ও ব্যবসা বাড়াতে পারবেন বলেই তিনি আশাবাদী। এদিকে ডি ক্যাস্ট্রো জানিয়েছেন, বর্তমান সময়টি ইয়াহুর জন্য গুরুত্বপূর্ণ। সামনে আরও নতুন সুযোগ রয়েছে বলেই আমার বিশ্বাস।ইয়াহুতে যোগ দেওয়ার পর প্রথম সপ্তাহে ১০ লাখ ডলার নগদ বোনাস পাবেন ডি ক্যাস্ট্রো। এছাড়াও শেয়ার, বোনাস, বেতন মিলিয়ে চার বছরের চুক্তিতে ইয়াহু থেকে ৫ কোটি ৬০ ডলার পাবেন তিনি।