গুগল ডুডলে অ্যামেলিয়া স্মরণ (ভিডিও)
বিমান নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মার্কিন লেখক ও বৈমানিক অ্যামেলিয়া ম্যারি এয়ারহার্টের ১১৫ জন্মদিন স্মরণ করছে গুগল। অ্যামেলিয়ার জন্মদিন উপলক্ষে গুগলের হোমপেজে একটি বিমানের ডুডল তৈরি করেছে গুগল।১৯৩২ সালে একজন নারী বৈমানিক হিসেবে আটলান্টিক পাড়ি দেওয়ার রেকর্ড করেছিলেন অ্যামেলিয়া এয়ারহার্ট। তাঁর জন্ম ২৪ জুলাই, ১৮৯৭ সালে কানসাসে। ছোটোবেলা থেকেই দুঃসাহসিক অভিযানে যাওয়ার আগ্রহ ছিল তাঁর মধ্যে। এ স্বপ্ন পূরণে তিনি বৈমানিক হওয়ার প্রশিক্ষণ নেন। ১৯৩৭ সালের মে মাসে সহযোগী বৈমানিক ফ্রেড নুনানকে নিয়ে বিশ্বভ্রমণের রোমাঞ্চকর এক বিমানযাত্রায় বেরিয়ে পড়েন এয়ারহার্ট। ৪২ দিন নির্ভুল উড়ানের পর ২ জুলাই ঘটে এক রহস্যময় ঘটনা। মাঝ আকাশে আচমকাই যেন তিনি ও তাঁর সঙ্গী ফ্রেড নুনানকে নিয়ে শূন্যে মিলিয়ে যান!মাঝ আকাশ থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে হঠাত্ই অ্যামেলিয়া এয়ারহার্ট তাঁর লকহিড ইলেকট্রা বিমানসহ নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আজ অবধি আর কোনও খোঁজ মেলেনি অ্যামেলিয়া এয়ারহার্ট বা তাঁর লকহিড ইলেকট্রা বিমানটির। অনেক খোঁজাখুঁজির পরও তঁাদের সন্ধান না মেলায় ১৯৩৯ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃত ঘোষণা করা হয় তঁাদের। অ্যামেলিয়ার শেষ পরিণতি নিয়ে অনেক জল্পনা-কল্পনা হলেও এখনও এ রহস্যের কিনারা করতে পারেননি বাঘা বাঘা বিশেষজ্ঞরাও।