গুগল ডুডলে ক্রাউন হল (ভিডিও)
শিকাগোতে অবস্থিত বিখ্যাত ক্রাউন হলের স্থপতি লুডউইগ মিজ ফন ডার রোহের ১২৬তম জন্মদিন পালন করছে গুগল। গুগলের হোমপেজে বিখ্যাত এ জার্মান স্থপতির স্মরণে তাঁর বিখ্যাত কীর্তি ক্রাউন হলের ডুডল বসিয়েছে গুগল। আধুনিক স্থাপত্যবিদ্যার জগতে ওয়ালটার গ্রোপিয়াস, লি করবিউজার ও লুডউইগ মিজ ফন ডার রোহেকে পথ নির্দেশক বলা হয়। স্থাপত্যবিদ্যায় স্টিল ও কাচের ব্যবহার তাঁদের হাত দিয়েই শুরু হয়েছিল। ২৭ মার্চ, ১৮৮৬ সালে জার্মানির আখেনে জন্ম হয়েছিল লুডউইগ মিজ ফন ডার রোহের। ১৯ বছর বয়সে তিনি বার্লিনে ফার্নিচার ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। ২০ বছর বয়স থেকে বাড়ির নকশা তৈরির কাজ শুরু করেন। ১৯১২ সালে বার্লিনে নিজের অফিস খোলেন ও এর পরের বছর বিয়ে করেন। রোহে প্রথম বিশ্বযুদ্ধের পর স্টিলের কাঠামোর নকশা করতে শুরু করেন। ১৯২১ সালে তাঁর নামের সঙ্গে ডাচ নাম ফন ডার যুক্ত করেন। ১৯২৭ সালে বার্সেলোনায় আন্তর্জাতিক মেলায় জার্মান প্যাভিলিয়ন নির্মাণ করে সবার নজর কাড়েন। ১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী হন রোহে। ১৯৩৮ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৭ আগস্ট ১৯৬৯ সালে এ জার্মান স্থপতি মারা যান।লুডউইগ রোহের বিখ্যাত স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে বার্সেলোনা প্যাভিলিয়ন, ক্রাউন হল, ফার্নসওর্থ হাউজ, ৮৬০-৮৮০ লেক শোর ড্রাইভ, সিগ্রাম বিল্ডিং, নিউ ন্যাশনাল গ্যালারি, টরেন্টো ডমিনিয়ন সেন্টার, ওয়েস্টমাউন্ট স্কয়ার।রোহে তাঁর বিখ্যাত উক্তি ‘গড ইজ ইন দ্য ডিটেইল’ ও ‘লেস ইজ মোর’-এর জন্যও বিখ্যাত। তাঁর বিখ্যাত স্থাপত্যকে গুগল ডুডলে স্মরণ করা হচ্ছে।