গুগল ডুডলে ক্রিকেট খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল গুগল ডুডলে বসেই খেলা গেছে ক্রিকেট
গতকাল গুগল ডুডলে বসেই খেলা গেছে ক্রিকেট

বল হাতে ছুটছে শামুক। আর ব্যাটিং প্রান্তে ঝিঁঝিপোকা। ব্যাটে ঠিকমতো বল লাগাতে পারলে স্কোরবোর্ডে রান যোগ হচ্ছে। আর একটু এদিক-ওদিক হলেই আউট। এটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ উপলক্ষে গুগলের তৈরি করা একটি বিশেষ অ্যানিমেটেড ডুডলের দৃশ্য। এই ডুডলে ক্রিকেট খেলা যায়। গতকাল বৃহস্পতিবার গুগলের মূল পাতায় প্রবেশ করে ডুডলে ক্লিক করে যে কেউ ক্রিকেট খেলতে পেরেছেন।

স্বাগতিক ইংল্যান্ড বনাম বাংলাদেশের খেলা দিয়ে গতকাল শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ৮ম আসর। মূলত ক্রিকেটের আক্ষরিক অর্থে ঝিঁঝিপোকা বলে এই অ্যানিমেটেড ডুডলের দুই ব্যাটসম্যানকে তৈরি করা হয়েছে ঝিঁঝিপোকার আদলে। বোলার এবং ফিল্ডারের দায়িত্বে শামুক। ব্যাটসম্যান আউট হওয়ার পর উইকেটের পেছনে ‘সার্চ’, ‘রিলোড’ এবং ‘শেয়ার’              তিনটি চিহ্ন আসে। সার্চে ক্লিক করে জানা গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কে বিভিন্ন তথ্য। আর রিলোডে ক্লিক করে পুনরায় ক্রিকেট খেলা গেছে। অন্যদিকে শেয়ার সুবিধার মাধ্যমে খেলায় স্কোর কত তা জানাতে পেরেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ডুডল তৈরিতে প্রকৌশলের কাজ করেছেন জ্যাকব হাউক্রফট। তাঁকে সহযোগিতা করেছেন মার্ক আইভি। শিল্প নির্দেশনার কাজ করেছেন ম্যাট ক্রুইকশ্যাঙ্ক ও লিওন হং।