গুগল ডুডলে মার্ক টোয়েনের জন্মদিন
তাঁর আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। সাহিত্যজগতে সবাই তাঁকে চেনেন মার্ক টোয়েন নামেই। বিখ্যাত এই মার্কিন কথাসাহিত্যিকের ১৭৬তম জন্মদিন আজ। সার্চ ইঞ্জিন গুগল তাঁর জন্মদিন উদযাপনে এনেছে টোয়েনের বিখ্যাত উপন্যাস টম সয়্যারের ছবির ডুডল।টম সয়্যার মার্ক টোয়েনের বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস দিয়েই তিনি জনপ্রিয়তা ও খ্যাতির চূড়ায় আরোহণ করেন। ১৮৭৬ সালে টম সয়্যার প্রথম বের হওয়ার পর এর বেশ কয়েকটি সিক্যুয়েল প্রকাশিত হয়। এরপর ১৮৮৫ সালে প্রকাশিত হয় অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি অ্যান্ড ফিন, যা পরে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে স্বীকৃতি পায়।এই দুর্দান্ত সাহিত্যিক প্রাথমিক কর্মজীবনে প্রেসে কাজ করতেন। ছোটবেলাটা কাটিয়েছেন হ্যানিবেল ও মিসৌরিতে। টম সয়্যার ও অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিনের কাহিনি পট এই দুটো জায়গাকে কেন্দ্র করেই রচিত হয়েছে।সাহিত্যিক হিসেবে নাম করার আগে তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন। কাজ করতেন তাঁরই বড় ভাইয়ের প্রকাশিত ওরিওন নামের একটি সংবাদপত্রে। ওখানে কাজ করার সময়ই তিনি একটি হাস্য-রসাত্মক লেখা লেখেন। সেই লেখাটিই অসম্ভব জনপ্রিয়তা পায় এবং তিনি লেখক হিসেবে পুরো দেশে বিখ্যাত হয়ে ওঠেন।মার্ক টোয়েন কেবল সাহিত্যিক হিসেবেই নন, একজন বাগ্মী হিসেবেও খ্যাতিমান ছিলেন। তাঁর লেখায় ফুটে ওঠা সুপ্ত কৌতুক তাঁকে প্রজন্মান্তরে জনপ্রিয় করে তুলেছে।