গুগল ডুডলে রডিনের ‘দ্য থিঙ্কার’
ফ্রান্সের জনপ্রিয় ভাস্কর অগাস্তে রডিনের ১৭২ জন্মদিন পালন করছে গুগল। জন্মদিন উপলক্ষে গুগলের হোমপেজে ভাস্কর অগাস্তের তৈরি ‘দ্য থিঙ্কার’ আদলের একটি ডুডল শোভা পাচ্ছে। ফ্রাঙ্কোয়িস অগাস্তে রেনে রডিন মূলত অগাস্তে রডিন নামেই সুপরিচিত। ১৮৪০ সালে ১২ নভেম্বর এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেন তিনি। ছোটোবেলা থেকেই তাঁর আঁঁকিবুকি ও গণিতের প্রতি ঝোঁক ছিল। ১৮৬৪ সালে প্রথম ভাস্কর্য তৈরি করেন রডিন। তাঁর এ ভাস্কর্যের বিষয় ছিল ‘নাক ভাঙা মানুষ’। অবশ্য অগাস্তে রডিনের ব্রোঞ্জের তৈরি এ ভাস্কর্যটি জনপ্রিয়তা পায়নি। তাঁর জনপ্রিয় ভাস্কর্যগুলো হচ্ছে ‘দ্য থিঙ্কার’ ও ‘দ্য কিস’, ‘দ্য এজ অফ ব্রোঞ্জ’, ‘দ্য ওয়াকিং ম্যান’, ‘দ্য গেটস অফ হেল’ ইত্যাদি।ভাস্কর হিসেবে অগাস্তে রডিন ছিলেন বাস্তববাদী। তিনি পৌরাণিক বিষয়ের বদলে বেছে নিয়েছিলেন মানুষের জীবন বাস্তবতাকে, ভাস্কর্যে তাই ফুটিয়ে তুলতেন তিনি। ৬০ বছর বয়সে এসে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। ১৯১৭ সালের ১৭ নভেম্বর মারা যান ফ্রান্সের জনপ্রিয় ভাস্কর রডিন।