গুগল ডুডলে ‘পথের পাঁচালি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা, লেখক সত্যজিত্ রায়ের ৯২তম জন্মদিন। তাঁর জন্মদিনটি স্মরণ করতে গুগল ইন্ডিয়া বিশেষ একটি ডুডল তৈরি করেছে। ডুডলে ‘পথের পাঁচালি’ চলচ্চিত্রের অপু ও দুর্গার বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে ছুটে চলা বিখ্যাত সেই দৃশ্য ফুটিয়ে তুলেছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।গুগল ইন্ডিয়ার বিপণন পরিচালক সন্দীপ মেনন বলেন, ‘গুগল ইন্ডিয়া বিখ্যাত সব গল্প আর বিখ্যাত মানুষদের থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করে। এবারে গুগলের হোমপেজে বিশেষ ডুডলটি তৈরিতে আমরা অনুপ্রেরণা পেয়েছি কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিত্ রায়ের চলচ্চিত্র থেকে।’সন্দীপ বলেন, ‘সত্যজিতের “পথের পাঁচালি” চলচ্চিত্রের একটি দৃশ্য ডুডল হিসেবে ব্যবহার করে তাঁর প্রতি সম্মান দেখাতে চেয়েছি আমরা। এ ছাড়া গুগল ইন্ডিয়া পেজটিতে গেলে সত্যজিত্ রায়-সংশ্লিষ্ট নানা তথ্য পাওয়া যাবে।’১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করেছিলেন বাংলার এই সব্যসাচী প্রতিভাধর নির্মাতা-লেখক মানুষটি। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্রকার, লেখক, চিত্রশিল্পী, নকশাবিদ, গীতিকার। ১৯৫৫ সালে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালি’। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ থেকে তিনি এ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এ চলচ্চিত্র নির্মাণের এক পর্যায়ে গিয়ে তাঁকে স্ত্রীর গয়নাও বিক্রি করতে হয়েছিল। পরে অবশ্য সরকারি অনুদান পান তিনি।অপু আর দুর্গা চরিত্রের মাধ্যমে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য তিনি তুলে এনেছিলেন চলচ্চিত্রের পর্দায়। তাঁর নির্মিত এ চলচ্চিত্রের কারণেই বাংলা চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে।‘অপু ট্রিলজি’, ‘চারুলতা’, ‘জলসাঘর’, ‘নায়ক’, ‘দেবী’, ‘মহানগর’, ‘অরণ্যের দিন-রাত্রি’র মতো অসংখ্য ধ্রুপদি চলচ্চিত্রের নির্মাতা তিনি।তাঁর হাত ধরেই উঠে এসেছেন সৌমিত্র চ্যাটার্জি, উত্তমকুমারের মতো মহানায়কেরা। তিনি ছোটদের জন্যও লিখে গেছেন জনপ্রিয় ‘প্রফেসর শঙ্কু’ ও ‘ফেলুদা’ সিরিজ। ১৯৯২ সালে তিনি মারা যান।