গুগল ড্রাইভের কিছু সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য খোঁজার পাশাপাশি গুগলের আরও যে কটি সেবা ব্যবহারকারীদের কাছে এখন জনপ্রিয়, তা হলো অনলাইনভিত্তিক লেখালেখি ও হিসাব কষার সফটওয়্যার গুগল ডকুমেন্টস ও ক্লাউডে তথ্য রাখার জায়গা গুগল ড্রাইভ। বিশেষ করে গুগল ডকুমেন্টস সুবিধাটি অনেক ক্ষেত্রেই মাইক্রোসফট অফিসের শক্ত প্রতিদ্বন্দ্বী। এতে আরও আছে মাল্টিমিডিয়া উপস্থাপনা তৈরি আঁকাআঁকির মতো সুবিধা। অর্থাৎ মাইক্রোসফট অফিসের প্রায় সবকিছুই বিনা মূল্যে পাওয়া যাচ্ছে এতে।
কাজ করুন একসঙ্গে: গুগল ড্রাইভ ডকুমেন্টসের বড় সুবিধাটা হলো এখানে একই সময়ে একাধিক মানুষ কাজ করতে পারবে। কে কোন অপারেটিং সিস্টেম থেকে ব্যবহার করছেন সেটা কোনো ব্যাপার নয়। অর্থাৎ ডেস্কটপ, ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোন যেকোনো যন্ত্র থেকেই ৫০ জন একযোগে কাজ করতে পারবেন। এসব ডকুমেন্টস ভাগাভাগি করতে পারবেন সর্বোচ্চ ২০০ জন। ডকুমেন্টসের মালিক কে কে সম্পাদনা করতে পারবেন তা নির্ধারণ করে দিতে পারবেন।
কাজের সময় যোগাযোগ: একই ডকুমেন্টসে অন্য আরও যাঁরা কাজ করছেন, তাঁদের দেখা যাবে ওপরে ডান কোনায়। কাজের সময় চাইলে যোগাযোগও করা যাবে একে অন্যের সঙ্গে। তাই বলে তাদের ই-মেইল পাঠানো বা নতুন কোনো উইন্ডো খুলে যোগাযোগ করাটা ঝামেলার। ডকুমেন্টসের ডান কোনায় বেলুন আইকনে ক্লিক করে তাৎক্ষণিক বার্তা বিনিময় করা যাবে ডকুমেন্টস ব্যবহারকারীদের সঙ্গে।
ড্র্যাগ অ্যান্ড ড্রপ: গুগল ড্রাইভে আপলোড নামে লাল রংয়ের বড় বোতাম আছে। কিছু রাখতে চাইলে এই বোতামে ক্লিক করে ফাইলের অবস্থান দেখিয়ে দিতে হবে। কিন্তু বারবার ক্লিক করার চেয়ে ডেস্কটপের যেকোনো ফাইল মাউস দিয়ে টেনে (ড্র্যাগ) ড্রাইভের ব্রাউজার উইন্ডোতে ছেড়ে দিলে (ড্রপ) সেই একই কাজ হবে আরও সহজে।
ড্রপবক্সের মতোই: অনলাইনে তথ্য রাখার আরেকটি জনপ্রিয় সেবা ড্রপবক্সের মতোই কাজ করে গুগল ড্রাইভ। ডেস্কটপের সঙ্গে গুগল ড্রাইভের সব তথ্য হালনাগাদ করে রাখতে চাইলে গুগল ড্রাইভের ছোট প্রোগ্রাম বা টুলটি নামিয়ে ইনস্টল করে নিতে হবে। বর্তমানে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পরিমাণ তথ্য জমা রাখা যাবে বিনা মূল্যেই। এর চেয়ে বেশি জায়গা প্রয়োজন হলে প্রতি মাসে ১০০ গিগাবাইটের জন্য অবশ্য গুনতে হবে ১.৯৯ ডলার, আর ১ টেরাবাইটের জন্য প্রতি মাসে ১০ ডলার।