গুগল ড্রাইভের জন্য ৫ অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ক্রোম ব্যবহার করে আপনার গুগল ড্রাইভকে দৈনন্দিন কাজের অন্যতম সহায়ক করে তুলতে পারেন। ক্রোম স্টোরে বিনা মূল্যে পাওয়া যায় এমন কিছু অ্যাপস এখানে দেওয়া হলো। মনে রাখতে হবে, এই অ্যাপসগুলো ইনস্টল এবং ব্যবহার করতে হবে ক্রোম ব্রাউজারে।

হ্যালোফ্যাক্স: আপনার ড্রাইভ অ্যাকাউন্টটিকে ফ্যাক্স যন্ত্রে রূপান্তর করবে। বিনা মূল্যে প্রতি মাসে ৫০টি ফ্যাক্স পাঠানো যায়। এর বেশি পাঠাতে হলে প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। নামানোর ঠিকানা: http://goo.gl/TGJJGS

ড্রাইভ নোটপ্যাড: অনলাইন অফিস স্যুট হিসেবে গুগল ডকসের খ্যাতি থাকলেও প্রোগ্রামিং সংকেত লেখা এবং সম্পাদনার জন্য এটা যথেষ্ট নয়। সেই অভাব পূরণ করবে এই অ্যাপ। বিশেষ করে ওয়েবসাইট নির্মাতা বা প্রোগ্রামারদের জন্য তো বেশ সহায়ক। ঠিকানা: http://goo.gl/B7tRMn

সেভ টু গুগল ড্রাইভ: ওয়েবসাইট ঘাঁটাঘাঁটির সময় পাওয়া বিভিন্ন ফাইল নামিয়ে হার্ডডিস্ক ড্রাইভ ভারী না করে এই এক্সটেনশনটির সাহায্যে সহজে এবং কম সময়ে ওয়েবসাইটে পাওয়া ছবি, লেখা, স্ক্রিনশট, এমনকি অডিও-ভিডিও ফাইল পর্যন্ত সরাসরি সংরক্ষণ করতে পারবেন গুগল ড্রাইভে। ঠিকানা: http://goo.gl/KXI7I1

ওয়াপউলফ অটোম্যাটর: এই অ্যাপটি সত্যি খুব কাজের। একদিকে ড্রপবক্সসহ বিভিন্ন ক্লাউড সেবার মাঝে সমন্বয় ঘটাবে, অন্যদিকে বিভিন্ন ফোল্ডার নির্বাচন করে দেওয়া যাবে স্বয়ংক্রিয় কোনো কাজের জন্য। ধরুন, আপনি চাইলেন ‘ফেসবুক’ নামের ফোল্ডারে আপলোড করা যেকোনো ছবি আপনার ফেসবুক টাইমলাইনে প্রকাশিত হবে। ঠিকানা: http://goo.gl/H97hR1

পিক্সলার এডিটর: ছবি সম্পাদনার জন্য খুব কাজের একটি এক্সটেনশন। ফটোশপের অনেক কিছুই এতে পাবেন, যা বেশির ভাগ ব্যবহারকারীর জন্য যথেষ্ট। ঠিকানা: http://goo.gl/VC7tCV

—মেহেদী হাসান