গুগল ড্রাইভের ধারণক্ষমতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের গুগল ড্রাইভ সেবায় বাড়ছে ধারণক্ষমতা। গুগলের ডেভেলপারদের বার্ষিক সম্মেলন গুগল আই/ও শুরুর আগেই এমন খবর পাওয়া গেছে। আজ বুধবার থেকে সান-ফ্রান্সিসকোতে শুরু হতে যাচ্ছে তিন দিনের গুগল আই/ও।

নতুনভাবে ধারণক্ষমতা বাড়ানোর ফলে বর্তমানে থাকা ৫ গিগাবাইট হয়ে যাবে ১৫ গিগাবাইট। অর্থাৎ একই সঙ্গে গুগল ড্রাইভের ধারণক্ষমতা তিন গুণ বাড়ানো হবে বলে জানা গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা বিনা মূল্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এর আগে সুবিধাটি ছিল জিমেইলের ১০ গিগাবাইট জায়গা এবং গুগল ড্রাইভের ৫ গিগাবাইট। এখন শুধু গুগল ড্রাইভেই পাওয়া যাবে ১৫ গিগাবাইট জায়গা।

ধারণক্ষমতা বাড়ার পাশাপাশি গুগল ড্রাইভে আসছে বেশ কিছু নতুন পরিবর্তন। নতুন সুবিধা চালুর সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা আরও সহজভাবে এটি ব্যবহার করতে পারবেন। গুগল অ্যাপস ব্যবহারকারীরাও চাইলে তথ্য রাখার এই জায়গা ব্যবহারের সুযোগ পাবেন। ১৫ গিগাবাইটের পর আরও জায়গা পেতে চাইলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সে সুবিধা পাওয়া যাবে।

গুগল ছাড়া বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানই বিনা মূল্যে অনলাইনে জায়গা (স্টোরেজ) ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর মধ্যে ড্রপবক্স ২ গিগাবাইট, মাইক্রোসফট স্কাইড্রাইভ ৭ গিগাবাইট, অ্যাপলের আইক্লাউড, অ্যামাজন ক্লাউড স্টোরেজ, সুগারসিঙ্ক ৫ গিগাবাইট উল্লেখযোগ্য।

তবে গুগলের এমন উদ্যোগের ব্যাপারে ইতিমধ্যেই নানা ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। হঠাৎ করেই গুগল কেন ১৫ গিগাবাইট বিনা মূল্যে ব্যবহারের এ সুযোগ দিচ্ছে সেটিই হচ্ছে আলোচনার বিষয়। তবে এ ব্যাপারে গুগল কর্তৃপক্ষ মুখ খোলেনি। এ বিষয়ে বিস্তারিত গুগল আই/ও থেকেই জানা যাবে বলে মনে করা হচ্ছে। —সিনেট ও গুগল ড্রাইভ ব্লগ অবলম্বনে কাজী আলম