গুগল দর্শন
৭ মে ২০১৩, রাত সাড়ে ১০টা। সিলিকন ভ্যালির ফ্রিমন্ট ম্যারিয়টের লবিতে বসে আছি। সেদিনই হয়ে যাওয়া ইউএস-বাংলাদেশ টেক সামিটে বাংলাদেশ থেকে আসা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবসা খাতের সঙ্গে জড়িত আমরা কয়েকজন সম্মেলন-পরবর্তী ক্লান্তি নিয়ে কফির কাপে চুমুক দিচ্ছি। কিন্তু মন চলে যাচ্ছে গুগলের দিকে। পরের দিন আমাদের গুগল ইনকরপোরেটেডের সদর দপ্তর পরিদর্শনের কথা। তাই সবার মধ্যেই একটা উত্তেজনা।
৮ মে দুপুর সাড়ে ১২টা। পৌঁছে গেলাম গুগল কমপ্লেক্সের (গুগলপ্লেক্স) ৪৩ নম্বর ভবনের লবিতে। আমাদের অভ্যর্থনা জানালেন প্রবাসী বাংলাদেশি বিকি রাসেল, যিনি গুগলে কাজ করছেন অনেক বছর ধরে। পরিচয় হলো টেরেসার সঙ্গে, যিনি আমাদের এই গুগল পরিদর্শনের গাইড। গুগলে কাজের পরিবেশ নিয়ে কিছুটা ধারণা তো ইন্টারনেট থেকে আগেই পেয়েছিলাম। যা জেনেছিলাম নিজের চোখে, সেই অফিস অবকাঠামো পরিদর্শন ছিল চমকপ্রদ অভিজ্ঞতা। তবে এর চেয়েও অনেক বেশি রোমাঞ্চিত হয়েছি গুগলারদের (গুগলে যাঁরা কাজ করেন তাঁদের গুগলার বলা হয়) জন্য নির্ধারিত কর্মপরিবেশসংক্রান্ত নীতিমালা শুনে। সবচেয়ে বড় কথা হলো, গুগল এমন একটি কাজের পরিবেশ নিশ্চিত করে, যেন প্রত্যেক গুগলার খোলা মন নিয়ে নতুন নতুন উদ্ভাবন বা আবিষ্কারের জন্য কাজ করতে পারেন।
মাউন্টেন ভিউ, সান্টাক্লারা, ক্যালিফোর্নিয়া ঠিকানায় ১৯৯৮ সালে নির্মিত গুগল সদর দপ্তর। এই সদর দপ্তরকে বলা হয় গুগলপ্লেক্স। গোটা দুনিয়ার গুগলের ৬৮টি অফিসে কর্মরত প্রায় ৫০ হাজার কর্মীর মধ্যে শুধু এই গুগলপ্লেক্সে কাজ করেন ১০ হাজার গুগলার। ২৬ একর জমি নিয়ে তৈরি হয়েছে এই গুগলপ্লেক্স। ২২টি অফিস ভবন রয়েছে এতে। আর পাঁচ একর জায়গাজুড়ে রয়েছে গণরাস্তা, গাড়ি রাখার জায়গা চার্লসটন অ্যামিউজমেন্ট পার্ক, বেশ কয়েকটি ভলিবল মাঠ, দুটি সুইমিংপুল, ব্যায়ামাগার, লন্ড্রি রুম—তালিকাটা বেশ লম্বা।
দুপুর একটায় বিকি আর টেরেসার সঙ্গে ক্যাম্পাসের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম দুপুরের খাবার খেতে। অফিস টাইমে ক্যাম্পাসজুড়ে গুগলাররা কেউ ভলিবল খেলছেন, কেউ কফি হাতে আড্ডা দিচ্ছেন, কেউ বা ল্যাপটপ নিয়ে পার্কে বসে কাজ করছেন। আর এদিক-ওদিক গুগল সাইকেল নিয়ে ঘোরাঘুরি তো আছেই। মনে হচ্ছিল এটা কি আসলে কোনো কোম্পানির অফিস, নাকি কোনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। টেরেসাকে জিজ্ঞেসই করে ফেললাম, ‘কাজ নাকি মজা, কোনটা তোমরা বেশি করো?’
ও আমাকে বিস্ময়কর তথ্য দিল, ‘গুগলারদের নয়টা-পাঁচটাজাতীয় কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। অফিসে নেই কোনো নির্দিষ্ট কাজের টেবিল। যে কেউ যেকোনো সময় অফিসে আসতে পারে। যে কেউ তার পছন্দ অনুযায়ী জায়গায় বসে কাজ করতে পারে। তবে গুগলারকে তার কাজ বা প্রজেক্টের সময়সীমা মাথায় রাখতে হবে।’ কিন্তু গুগলের কর্মীরা কখনোই এই স্বাধীনতা আর সুবিধার অপব্যবহার করে না। টেরেসার কাছ থেকে আরও জানা গেল, গুগল বিশ্বাস করে নতুন নতুন উদ্ভাবনের জন্য দরকার খোলা মন আর চমৎকার কাজের পরিবেশ। বাংলাদেশের কাজদাতা আর কর্মী উভয় পক্ষের জন্যই এ ব্যাপারটা শিক্ষণীয়।
দুপুরের খাবার তো খেতে পেলাম, কিন্তু কী খেলাম আর কোথায় খেলাম বলতে হবে না! গুগলে এসে খাওয়াদাওয়া নিয়ে কথা না বললে চলবেই না। কারণ, খাওয়াদাওয়া গুগলে অনেক গুরুত্বপূর্ণ। একে ‘এমপ্লয়ি মটিভেশন’ হিসেবে বিবেচনা করা হয়। গুগলপ্লেক্সে রয়েছে ১৮টি পরিপূর্ণ এবং বিভিন্ন ধরনের খাবারের বিশেষায়িত রেস্তোরাঁ। আমাদের জন্য নির্ধারিত রেস্তোরাঁটি ছিল একটু বিশেষ ধরনের। কারণ, এখানে খাবারের বৈচিত্র্য ছিল অনেক, বাকিগুলো বিশেষায়িত রেস্তোরাঁ। বিভিন্ন খাবার পরিবেশন হচ্ছিল ভারতীয়, জাপানি, ইতালীয়, আমেরিকান আর মেক্সিকান কর্নার থেকে। এই ১৮টি বড় রেস্তোরাঁ ছাড়াও প্রতিটি অফিস ভবনের সবকটি তলায় রয়েছে ‘মিনি কিচেন’। গুগল নীতি হচ্ছে প্রত্যেক গুগলারের ২০ ফুটের মধ্যে খাবার থাকতে হবে। কী, লোভ হচ্ছে, তাই না? আর হ্যাঁ, সারা দিন ধরে গুগলাররা যত খুশি তত্ত খাও—‘নো বিল’।
খাবার শেষে অফিসের ভেতরে আরও কিছু গুরুত্বপূর্ণ নীতিমালাসংক্রান্ত তথ্য আমাদের অনুপ্রাণিত করল। অফিস ভবনগুলো তুলনামূলক কম উচ্চতার আর প্রতিটি ভবনের নির্মাণশৈলী নিশ্চিত করে পর্যাপ্ত প্রাকৃতিক আলোর প্রবেশ। আলাদাভাবে মসজিদ বা চার্চ নেই গুগলে, তবে রয়েছে বেশ কিছু ‘কোয়াইট রুম’ যেখানে যে কেউ তাঁর ধর্ম পালন করতে পারেন।
পুরো গুগল ভ্রমণটি আমাদের জন্য একই সঙ্গে আনন্দদায়ক আর শিক্ষণীয়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে লেখাটি শেষ করব। প্রত্যেক গুগলার তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য তাঁর পুরো কাজের সময়ের ৮০ শতাংশ ব্যবহার করবেন। বাকি ২০ শতাংশ সময় তাঁকে বাধ্যতামূলকভাবে নিজের মতো করে নতুন কোনো উদ্ভাবন নিয়ে ভাবতে হবে।
l লেখক: মহাসচিব, বেসিস